গ্রীষ্ম-দুপুরে কৃষ্ণ-পুকুরে মেয়েটা ভেজাল চুল;
ঘাটে এসে এক যুবক দাঁড়াল বাঁ-হাতে মোরগফুল।
মেয়েটা বলল, ‘মা বকবেন;
বাবা বলবেন—নাইতে গিয়েই তুই পড়ে পেলি
দশ-গাঁ-কুড়ানো ফুল!’
ছেলেটা তবুও মেয়েটার চুলে
গেঁথে দিল সেই মোরগের লালঝুঁটি।
মেয়েটা হাসল মেয়েটা কাঁদল দুই হাতে ঢেকে চোখ;
বলল নীরবে, ‘ভ্রুকুটি করি না—যা বলে বলুক লোক।’
