স্বীকারোক্তি

আপডেট : ২৯ মে ২০১৪, ২০:৪০
স্নেহাশীষ অভি ঠিক সন্ধ্যার পরেই কবিরা কিন্তু খসে পড়ে যার যার ডায়েরি কিংবা খাতার পাতায়। তারপর তারা লোকাল বাসে বাড়ি ফেরা মানুষের গায়ের গন্ধ চোখে মেখে নেমে পড়ে বাস্তবতায়। কেউ তখন সাহিত্যকে হাতড়ে বেড়ায় নিজের মনে আবার কেউ ঠিক থেমে যায় রাস্তার ল্যাম্পপোস্টের হলুদ আলো দেখে। কিছুদেরকে দেখা যায় আদিম জল হাতড়ে নিজের চেহারা দেখাতে ব্যস্ত, তারা আরো খোঁজে সেখানে আদম-ঈভ, রাধা-কৃষ্ণ, ইউসুফ-জোলেখা আরো প্রাচীন প্রেম, তারা আরো খোঁজে বিরহের গান। তবে যারা থেমে যায় বাস্তবতার কাছে তাদের মতোই আমি। এই আমিই একদিন স্বপ্ন দেখেছিলাম যে তোমার তলপেটে চুমু খেয়ে চলে যাবো অভিযাত্রী হয়ে। পৃথিবীর শিরায় শিরায় আমি ঘুরে বেড়াবো, নীলাভ সমুদ্রে ছুড়ে দেবো আমাকে। কিন্তু আমি থেমে গেছি শুরু করবার আগেই, আমার অস্তিত্বে আটকে গেছে লোকাল বাসে বাড়ি ফেরা মানুষের গায়ের গন্ধ।