দেশবরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন নিজের গানের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত থাকতে চান। সম্প্রতি একটি অনুষ্ঠানে নিজের কাজের পরিকল্পনার কথা বলতে গিয়ে বিনোদন প্রতিদিনকে একথা বলেন। বর্তমানে শিল্পী নজরুলগীতিসহ নতুন কিছু অ্যালবামের কাজে ব্যস্ত রয়েছেন। পাশাপাশি শিশুদের জন্য কাজ করে, যুক্তরাষ্ট্রভিত্তিক এমন একটি দাতব্য সংগঠনের ‘প্যাট্রন’ হিসেবে যোগ দিয়েছেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন।
দেশবরেণ্য এই শিল্পী বিনোদন প্রতিদিনকে বলেন, ‘বাচ্চাদের জন্য কিছু করতে পারব, বাচ্চাদের কাজে লাগতে পারব, এটাই তো বড় আনন্দের। আমার এ জীবনে তো প্রাপ্তির আর তো কিছু নেই। এখন থেকে ভাবছি নিজের গানের বাইরে এ ধরনের সাংগঠনিক কাজে নিজেকে সম্পৃক্ত রাখব। এ উদ্দেশ্যেই মূলত সংগঠনটির সঙ্গে জড়িত হলাম।’
উল্লেখ্য, সংগঠনটি শিশু অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টিসহ শিক্ষা ও চিকিত্সার নিশ্চয়তা এবং শিশুশ্রম রোধে নানা প্রকল্প পরিচালনা করে থাকে।
সাবিনা ইয়াসমিন বলেন, ‘শিশুদের ভালোভাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের নিতে হবে। এছাড়া এখন থেকে আমি যেই কনসার্টে, যেখানেই যাই না কেন সেখানেই শিশুদের জন্য কিছু না কিছু ফান্ড তৈরির কাজ করব।’
এই সংগঠনটির জন্য তহবিল সংগ্রহে যুক্তরাষ্ট্রে আয়োজিত একটি কনসার্টে গান গেয়েছেন এই শিল্পী। দু মাসব্যাপী ১০টি কনসার্টে গান গাইতে অগাস্ট মাসে উড়াল দিচ্ছেন আবারও।
‘ডিসট্রেস চিল্ড্রেন অ্যান্ড ইনফ্যান্ট ইন্টারন্যাশনাল’ নামের সংগঠনটি এরইমধ্যে সিনিয়র অভিনয়শিল্পী নায়িকা ফরিদা আক্তার ববিতাকে তাদের গুডউইল অ্যাম্বাসাডার হিসেবে পেয়েছে বলে জানালেন প্রতিষ্ঠানটির এ দেশীয় প্রধান সমন্বয়কারী সালমা কাদের। এছাড়া এর সাথে আরও ক’জন তারকাদের সম্পৃক্ত রাখার পরিকল্পনা তাদের রয়েছে
বলে জানা যায়।
