এবারে নাট্যকার কনা রেজা

আপডেট : ২৯ মে ২০১৪, ২১:২৫
বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজার গল্প নিয়ে এবার নির্মিত হচ্ছে ধারাবাহিক নাটক। নাটকের নাম ‘লাইফ’। এটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মেহেদী বিন আশরাফ। নারী উদ্যোক্তা হিসেবে বিভিন্ন সামাজিক আয়োজনে দেখা গেলেও গুণী এই ব্যক্তিত্বকে এবারে দর্শক দেখবেন নাট্যকার রূপে। তার লেখা এই ধারাবাহিকটি হবে ১০৪ পর্বের। এরই মধ্যে ধারাবাহিকটির শুটিং শুরু হয়েছে। ছবির হাট, ঢাকা বিশ্ববিদ্যালয়, উত্তরা ও ঢাকার বিভিন্ন লোকেশনে এর শুটিং চলবে। ‘লাইফ’ মূলত চারটি মানুষের প্রথম আদ্যাক্ষর! লাইফ একটি শুটিং হাউজের নাম! লাইফ হচ্ছে কিছু শহুরে মানুষের দৈনন্দিন জীবনের গল্প। যারা জীবনের নানান হিসাব-নিকাশ মিলাতে ব্যস্ত থাকে সবসময়। আর এই হিসাব মেলাতে গিয়ে দেখে জীবনে সমাধানের চেয়ে সমস্যাই বেশি। নাটকের গল্প প্রসঙ্গে কনা রেজা বলেন, ‘নাটকে একটি মেসেজ রয়েছে তা হলো, নিজ অবস্থানের বাইরে কোনো কিছুর কল্পনা বা স্বপ্ন দেখা উচিত না। যার যেটা করা উচিত তা অবশ্যই দেখে শুনে বুঝে করা উচিত।’ নাটকটির গল্প কমেডি ধাঁচের হলেও সামাজিক মূল্যবোধের মেসেজ সন্নিবেশ থাকবে। ধারাবাহিকে অভিনয় করবেন—রওনক হাসান, হিল্লোল, প্রাণ রায়, সাজু খাদেম, অর্ষা, নওশাবা, আলভী, মৌসুমী নাগ, কচি খন্দকার, ম ম মোর্শেদ প্রমুখ। আসন্ন ঈদুল ফিতরের পর থেকে যেকোনো একটি চ্যানেলে ধারাবাহিকটির প্রচারের সম্ভাবনা রয়েছে।