ভালবেসে বিয়ের অপরাধে আদালতের সামনেই পরিবারের হাতে খুন

আপডেট : ২৯ মে ২০১৪, ২১:৫১
ভালবেসে বিয়ে করার কারণে পাকিস্তানের লাহোরে প্রকাশ্য দিবালোকে ২৫ বছর বয়সী এক নারীকে হত্যা করেছে তার নিজ পরিবারের সদস্যরা। মঙ্গলবার বিকেলে লাহোরের উচ্চ আদালতের সামনের রাস্তায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওইদিন বিকেলে ফারজানা পারভিন ও তার স্বামী মোহাম্মদ ইকবাল রাস্তায় দাঁড়িয়ে আদালত খোলার জন্য অপেক্ষা করছিল। এমন সময় ফারজানার পরিবারের প্রায় ২০ জন সদস্য তাকে ও তার স্বামীকে আক্রমণ করে। আক্রমণকারীরা লাঠি ও ইট দিয়ে ফারজানা ও ইকবালকে আঘাত করতে শুরু করে। শত শত লোক এ ঘটনা প্রত্যক্ষ করলেও হামলাকারীদের বাধা দিতে কেউ এগিয়ে আসেনি। গুরুতর আহত ফারজানাকে হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয় বলে জানিয়েছে পুলিশ। ফারজানার বাবা ছাড়া এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাই পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। ফারজানার বাবা তার কন্যাকে হত্যার কথা স্বীকার করে দাবি করেছেন, পরিবারের ‘সম্মান’ রক্ষার জন্যই ফারজানাকে হত্যা করা হয়েছে। পকিস্তান মানবাধিকার কমিশনের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ২০১৩ সালে দেশটিতে ৮৬৯ জন নারীকে ‘পারিবারিক সম্মান’ রক্ষার কথিত অজুহাতে হত্যা করা হয়।