ইরানে ধনকুবেরকে ‘গোপনে’ ফাঁসি
২৬০ কোটি ডলারের ব্যাংক জালিয়াতিতে জড়িত থাকার আভিযোগে মহাফরিদ আমির-খোসরাভি ওরফে মনসুর আরিয়া নামের এক ধনকুবেরকে গোপনে ফাঁসি দিয়েছে ইরান। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর ইরানে এটিই সবচেয়ে বড় ব্যাংক জালিয়াতি। ২০০৭ সালে এ জালিয়াতি হয় বলে জানিয়েছে ‘দ্য মেইল অনলাইন’। বিলিওনিয়ার ব্যবসায়ী খোসরাভি দলিল জালিয়াতি করে দেশের সবচাইতে বড় ব্যাংক থেকে ঋণ নিয়ে ৩৫টির মতো কোম্পানি ও একটি ফুটবল ক্লাবের মালিক হয়েছিলেন। ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, মামলায় সুপ্রিম কোর্ট খোসরাভির মৃত্যুদণ্ড বহাল রাখার পর তেহরানের এভিন কারাগারে তাকে ফাঁসি দেয়া হয় খুব গোপনে। খোসরাভির মৃত্যুদণ্ড কার্যকরের কথা এমনকি তার আইনজীবীকেও জানানো হয়নি।
সিরিয়ায় পর্যবেক্ষক দলের সদস্যরা অপহূত
সিরিয়ায় জাতিসংঘের রাসায়নিক অস্ত্র পর্যবেক্ষণকারী দলের ১১ সদস্য অপহূত হয়েছে। পর্যবেক্ষকরা ক্লোরাইন গ্যাস হামলা হওয়া শহরটি পরিদর্শন করতে যাওয়ার সময় অপহরণের শিকার হয়। ১১ জনকে বহনকারী দুটো গাড়ি দখল করে সন্ত্রাসী গ্রুপগুলো। অপহূতদের মধ্যে ৬ পর্যবেক্ষকসহ ৫ জন সিরিয়ান গাড়িচালকও রয়েছে। -রয়টার্স
পর্যবেক্ষকদের মুক্ত করতে রাজি ইউক্রেনের বিদ্রোহীরা
পূর্ব ইউক্রেনে রাশিয়াপন্থি বিচ্ছিন্নতাবাদীরা চারজন বিদেশি পর্যবেক্ষককে আটক করেছে বলে স্বীকার করেছে তারা। তাদেরকে শিগগিরই মুক্ত করা হবে বলেও জানিয়েছে বিদ্রোহীরা। স্লোভিয়ানস্কের মেয়র বৃহস্পতিবার রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে দেয়া এক সাক্ষাত্কারে একথা জানিয়েছেন। -বিবিসি
