চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের ১১ জনকে পুড়িয়ে হত্যা মামলায় প্রত্যক্ষদর্শী সাক্ষী দেলোয়ার হোসেনের সাক্ষ্যগ্রহণ গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ লা মংয়ের আদালতে তাকে জেরা করেন আসামীপক্ষের ??আইনজীবীরা। আদালত আগামী ৮ জুন এ মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেছেন।
আদালত সূত্র জানায়, জেরা চলাকালে দেলোয়ার হোসেন বলেছেন, আমিন চেয়ারম্যান তার অফিসে মনমোহন শীলের কাছ থেকে সম্পত্তি কেনার জন্য স্ট্যাম্পে স্বাক্ষর নেন। এসময় দেলোয়ার, মোজাফফর মেম্বার এবং নুরুল হক সেখানে উপস্থিত ছিলেন। মনমোহনের সম্পত্তি গ্রাস করার জন্য এবং আধিপত্য বিস্তারের জন্য পরবর্তীতে আমিন চেয়ারম্যানের নির্দেশে ১১ জনকে পুড়িয়ে মারা হয়।
২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের শীলপাড়ায় তেজেন্দ্র লাল শীলের বাড়িতে শিশুসহ একই পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
