আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া জামায়াতের চাপেই র্যাব বিলুপ্তির দাবি করছেন। একাত্তরের ঘাতক যুদ্ধাপরাধীর রায়ের পর থেকে র্যাব শক্তহাতে জামায়াতের সন্ত্রাসীদের দমন করেছে। এ কারণেই র্যাবের প্রতি তাদের এত ক্ষোভ। বৃহস্পতিবার কাওরান বাজারে বাংলাদেশ ট্রেডিং করপোরেশন (টিসিবি) ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘ব্যর্থ’ রাজনীতিক বলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে উন্মাদ, গণ্ডমূর্খ ও মানসিক বিকারগ্রস্ত হিসেবে আখ্যায়িত করে মাহবুব-উল-আলম হানিফ বলেন, তারেক রহমানের মামলার কর্মকাণ্ড শেষ হলেই তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।
