সামর্থ্য কিংবা শক্তিমত্তা বিচারে একমাত্র জার্মানিই বিশ্বকাপে ব্রাজিলকে চ্যালেঞ্জ জানাতে পারে বলে মন্তব্য করেছেন ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। অধিনায়ক এবং কোচ হিসাবে দলকে বিশ্বকাপ জেতানোর বিরল রেকর্ডের অধিকারি এই জার্মান কিংবদন্তী অবশ্য শিরোপা জেতার সবচেয়ে বড় দাবীদার হিসাবে মেনে নিয়েছেন ব্রাজিলকেই।
বিশ্ব ফুটবলে স্পেনের একাধিপত্য ভেঙ্গে দিয়ে গত বছর কনফেডারেশন্স কাপের ফাইনালে তাদের হারিয়েই শিরোপা জেতে ব্রাজিল। বিশ্বকাপের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট বলে পরিচিত ঐ প্রতিযোগিতায় নেইমার-ফ্রেডদের সামনে বলতে গেলে পাত্তাই পায়নি অন্যান্য মহাদেশের চ্যাম্পিয়নরা। নেইমারের দুই গোলে ফাইনালে স্পেনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে নিজের দেশে বিশ্বকাপে টপ ফেবারিট হিসাবে প্রতিষ্ঠিত করে দলকে। টুর্নামেন্টে নেইমারদের ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি নজর কাড়ে সেলেকাওদের দলীয় সমঝোতাও। এর পাশাপাশি নিজেদের চেনা কন্ডিশনের বিষয়টা তো আছেই। সব মিলে এই টুর্নামেন্টে স্বাভাবিকভাবেই ফেবারিট মানা হচ্ছে স্বাগতিকদেরই।
এই বিষয়গুলো বুঝতে পারছেন বেকেনবাওয়ারও। ফুটবলে লিবারো পজিশনের উদ্ভাবক সাবেক এই বায়ার্ন মিউনিখ তারকা টাইমস অব ইন্ডিয়া পত্রিকাকে বলেন, ‘কনফেডারেশন কাপে ব্রাজিলের অসাধারণ ভাল খেলা আমি দেখেছি এবং বিশ্বকাপেও তারা একই রকম ভাল খেলতে চাইবে। তবে তাদের সত্যিকারের একমাত্র চ্যালেঞ্জ হতে পারে জার্মানি।’
জার্মানদের অতীত সাফল্য বিশ্বকাপের মতো বড় আসরে তাদের ব্রাজিলকে মোকাবেলা করতে সাহায্য করবে জানিয়ে তিনি আরো বলেন, ‘বিশ্বকাপ ইতিহাস বলে পাঁচবার শিরোপা জয় করায় ব্রাজিলই সবচেয়ে সফল দল। সেমিফাইনালে একবার বেশি পৌঁছে আমরা তাদের কাছাকাছি। বাস্তিয়ান শোয়েনস্টাইগার, ম্যানুয়েল ন্যুয়ার, মারিও গোটশে, মারকো রিউস, মেসুত ওজিলদের মত খেলোয়াড় থাকায় সত্যিকারার্থেই আমাদের দলটা বেশ ভাল। এই তরুণ খেলোয়াড়দের অধিকাংশই আমাদের একাডেমি থেকে উঠে এসেছে এবং দলকে শক্তিশালী হতে সাহায্য করেছে।’
তাছাড়া ব্রাজিলের বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে ইতিহাসকেও বড় বাধা মানছেন তিনি। কোন দল একই সাথে কনফেডারেশন্স কাপ এবং বিশ্বকাপ শিরোপা জিততে পারেনি মনে করিয়ে দিয়ে বায়ার্নের অধিনায়ক এবং কোচ হিসাবে চ্যাম্পিয়ন্স লিগ জেতা এই কিংবদন্তি বলেন, ‘তবে আমি দেখেছি কোন দল যে বছর কনফেডারেশন কাপ জয় করে একই বছর দলটি বিশ্বকাপ শিরোপা জয় করতে পারেনি। সুতরাং সেদিক থেকে ব্রাজিলের কিছু সমস্যা রয়েছে। অন্যথায় তারা ফেবারিট হিসেবেই বিশ্বকাপ শুরু করবে।’ গ্রুপ পর্যায়ে পর্তুগাল, ঘানা এবং যুক্তরাষ্ট্রের মোকাবেলা করবে জার্মানি।
