ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক ম্যালকম গ্লেজার গত বুধবার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
২০০৫ সালে ইউনাইটেডের মালিকানার প্রায় পুরোটাই কিনে নিয়ে আলোচনায় আসা গ্লেজারের মালিকানাধীন আমেরিকান ফুটবল দল টাম্পা বে বাকেনিয়ার্স ক্লাবের ওয়েবসাইটে দেয়া এই মৃত্যুর ঘোষণায় বলা হয়, ‘আমাদের প্রতিষ্ঠাতা এবং সভাপতি ম্যালকম গ্লেজারের মৃত্যুর খবর দিতে হওয়ায় আমরা খুবই মর্মাহিত। আজ সকালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। একজন তীক্ষবুদ্ধিসম্পন্ন ব্যবসায়ী হিসাবে গ্লেজার এই ক্লাবকে দারুণ একটা পর্যায়ে নিয়ে যান।’
তবে যেই ক্লাবের মালিক হয়ে গ্লেজারের আলোচনায় আসা সেই রেড ডেভিলসদের পক্ষ থেকে খুব বেশি সাড়া পাওয়া যায়নি এই ঘটনায়। ২০০৫ সালে ক্লাব কিনে নেয়ার পর ইউনাইটেডকে বড় অংকের ঋণের বোঝায় নিমজ্জিত করার ঘটনায় সমর্থকদের কাছে তীব্র নিন্দার পাত্রে পরিণত হওয়াই হয়তো এখানে বড় ভূমিকা পালন করেছে।
তবে ইউনাইটেডের সমর্থক গোষ্ঠীের ট্রাস্টি হিসাবে দায়িত্ব পালন করা শন বোনস বলেছেন, ক্লাবের সাথে আসলে তার সম্পর্ক খুব বেশি ছিল না। আর তার এই মৃত্যু ক্লাবকে খুব বেশি প্রভাবিত করবে না বলেও মন্তব্য করেন তিনি, ‘ম্যালকম গ্লেজার বোর্ড মেম্বার ছিলেন না। তার সন্তানরা আছেন বোর্ডে। সুতরাং আমার মনে হয় এটা পরিস্থিতি খুব বেশি পাল্টাবে না। তবে আমি এখনও বিশ্বাস করি গ্লেজারের এই ক্লাব কিনে নেয়াটা ছিল ইউনাইটেডের জন্য ক্ষতিকর।’
