ডেভেলপারদের প্রতারণা

আপডেট : ২৯ মে ২০১৪, ২৩:২১
চট্টগ্রামে আবাসন ব্যবসায় ধস নেমেছে। প্রতিনিয়ত গ্রাহকরা ডেভেলপার প্রতিষ্ঠানের নিকট থেকে প্রতারিত হচ্ছেন। অনেক ডেভেলপার এ ব্যবসায় নেমে অফিস ও বাসাবাড়ি ফেলে পালিয়ে বেড়াচ্ছেন। বিদেশ থেকে পাঠানো কষ্টার্জিত অর্থ কিংবা জীবনের সকল সঞ্চয় ডেভেলপার প্রতিষ্ঠানকে দিয়ে অনেক গ্রাহক সর্বস্বান্ত হয়ে গেছেন। সংশ্লিষ্ট ডেভেলপারের খোঁজ পাওয়া যাচ্ছে না। শুধু ছোট ছোট ডেভেলপার প্রতিষ্ঠান নয়, অনেক বড় বড় ডেভেলপার প্রতিষ্ঠানও অসংখ্য লোককে এভাবে প্রতারিত করছে। এর মধ্যে বিপুল সংখ্যক রিহ্যাব সদস্য না। আবার রিহ্যাবের সদস্য প্রতিষ্ঠানও রয়েছে। এ ব্যাপারে রিহ্যাবের কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম অঞ্চলের সদস্য প্রকৌশলী আবু সুফিয়ান জানান, তারা ক্ষতিগ্রস্ত লোকজনকে সহায়তার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, রিহ্যাবের সদস্য নয়, এমন প্রতিষ্ঠানগুলো দ্বারা বেশিরভাগ লোক প্রতারণার শিকার হচ্ছেন। জানা গেছে, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান তাদের জমি নির্দিষ্ট শর্তে ডেভেলপার প্রতিষ্ঠানকে দিয়ে এখন বের হতে পারছেন না। আবার ডেভেলপারও কাজ না করে সময়ক্ষেপণ করছে। কিন্তু জায়গাও ছেড়ে দিচ্ছে না। ভুক্তভোগীরা জানান, ডেভেলপার জায়গা নিয়েই ব্যাপক প্রচার-প্রচারণা এবং সাইনবোর্ড লাগিয়ে ফ্ল্যাট বিক্রি শুরু করে দেয়। কিছু ফ্ল্যাট বিক্রি করলেও দিন দিন মালামালের মূল্য বৃদ্ধির কারণে এক পর্যায়ে মাঝপথেই কাজ ফেলে রাখে। আবার অনেকে ফ্ল্যাট বিক্রি করতে না পেরে সব ফেলেই পালিয়ে যায়। ফলে অনেক গ্রাহক যেমন নির্দিষ্ট সময়ে ফ্ল্যাট বুঝে পাচ্ছেন না। আবার অনেকে অগ্রিম বুকিং মানিও ফিরে পাচ্ছেন না। অনেক বড় প্রতিষ্ঠানও বর্তমানে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ফ্ল্যাট বুঝিয়ে দিতে পারছে না। ডেভেলপার প্রতিষ্ঠানের মালিকরা জানান, কোনভাবে তারা টিকে আছেন। কারণ কেন যেন ফ্ল্যাট ক্রেতার সংখ্যা অনেক কমে গেছে। বড় বড় নামি ডেভেলপাররাও ফ্ল্যাট তৈরি করে ফেলে রেখেছে। অথচ ক্রেতা নেই। কিন্তু দিন দিন ব্যাংকের সুদ বাড়ছে। এ অবস্থায় তারা কাজও কমিয়ে দিয়েছেন। পূর্বে যেখানে অগ্রীম টাকা দিয়ে জমি নেয়ার জন্য ডেভেলপারদের মধ্যে প্রতিযোগিতা দেখা যেত। বর্তমানে অগ্রীম ছাড়াও জমি নেয়ায় আগ্রহী ভালো ডেভেলপার পাওয়া কষ্টকর। ব্যবসায়ীদের অভিযোগ, এ খাতে মন্দাভাব চললেও সরকারের সংশ্লিষ্ট বিভাগসমূহ থেকে তেমন একটা সহযোগিতা পাওয়া যায় না। বরং প্রতি পদে পদে অর্থ ব্যয় করা না হলে হয়রানির শিকার হতে হচ্ছে। এদিকে চট্টগ্রামে আবাসন ব্যবসার এ অবস্থার মধ্যেও আগামী মাসের ১৮ তারিখ থেকে চট্টগ্রাম রিহ্যাব এর উদ্যোগে আবাসন মেলার আয়োজন করা হয়েছে। এবার মেলার মূল থিম ধরা হয়েছে ‘গুণগত মান সম্পন্ন নির্মাণ’।