ইউক্রেনে সেনা হেলিকপ্টার ভূপাতিত, নিহত ১৪

আপডেট : ২৯ মে ২০১৪, ২৩:২৪
ইউক্রেনের রুশপন্থি বিদ্রোহীরা ইউক্রেনের একটি সামরিক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে। এতে হেলিকপ্টারের আরোহী একজন জেনারেলসহ ১৪ ব্যক্তি নিহত হয়েছে। স্লোাভিয়ানস্ক শহরে সরকারি বাহিনী এবং রুশপন্থিদের মধ্যে তীব্র লড়াই চলার সময় এই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। শহরের উপকণ্ঠে যেখানে হেলিকপ্টারটি ভূপাতিত হয়েছে সেখানে থেকে কুন্ডলি পাকিয়ে ধোঁয়া উড়তে দেখা যায় বলে বিবিসি জানায়। এর আগে বিচ্ছিন্নতাবাদীরা রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে জানায়, ইওরোপীয় নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা ওএসসিইর একদল পর্যবেক্ষককে তারা আটক করেছে। বিদ্রোহীদের একজন নেতা বলেছেন, চারজনের এই পর্যক্ষেক দল, যার মধ্যে ডেনিশ, তুর্কি, এস্তোনিয়ান এবং সুইস নাগরিক রয়েছেন, তারা সবাই ভাল আছেন। তবে ওএসসিই বলছে, পর্যক্ষেকদের কোথায় আটক রাখা হয়েছে সে সম্পর্কে তারা এখনো জানেনা। ইউক্রেনের বিদায়ী প্রেসিডেন্ট ওলেস্কান্দর তুর্কিনোভ জানিয়েছেন হেলিকপ্টারের সবাই নিহত হয়েছেন। পার্লামেন্টে তিনি বলেন, ‘আমি এইমাত্র খবর পেলাম যে, স্লোভিয়ানস্কের কাছে সন্ত্রাসীরা রাশিয়ার তৈরি বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আমাদের হেলিকপ্টার ভূপাতিত করেছে। ওই হেলিকপ্টারে দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা ছিলেন। নিহতদের মধ্যে একজন ঊর্ধ্বতন জেনারেলও আছেন। সেনাদেরকে একটি সামরিক ঘাঁটিতে নামিয়ে দেয়ার পরই হেলিকপ্টারটি বিচ্ছিন্নতাবাদীদের হামলা শিকার হয়। নবনির্বাচিত প্রেসিডেন্ট পেট্রো পোরোসেনকো পূর্ব ইউক্রেনে বিদ্রোহ সামাল দেয়ার অঙ্গীকার করেছেন। ‘খুনি’ এবং ‘দুর্বৃত্তদের’ কঠোরভাবে মোকাবেলা করবেন বলে জানিয়েছেন তিনি।