ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী আনন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন পাটোয়ারী ওরফে বেলাল মেম্বারকে খাগড়াছড়ির মাটিরাঙা থানা পুলিশ গত বুধবার গভীর রাতে আটক করেছে। মাটিরাঙা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে বেলাল সীমান্তবর্তী একটি গ্রামে স্থানীয় এক আওয়ামী লীগের নেতার বাড়িতে আত্মগোপন করেছিলেন। গতকাল বৃহস্পতিবার বিকালে বেলাল উদ্দিনকে মাটিরাঙা থানা পুলিশ ফেনী পুলিশের কাছে হস্তান্তর করেছে।
গোপন সূত্রে খবর পেয়ে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে মাটিরাঙা থানার অফিসার ইনচার্জ মাঈন উদ্দিন খানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল উপজেলার বর্ণাল ইউনিয়নের আলা উদ্দিন মেম্বারপাড়ার বাসিন্দা আবুল বাশারের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
মাটিরাঙা থানার অফিসার ইনচার্জ মাঈন উদ্দিন খান জানান, বেলাল উদ্দিন সীমান্ত পাড়ি দিয়ে ভারতের দক্ষিণ ত্রিপুরা রাজ্যে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন। মাটিরাঙার ওসি ফেনী থানার ওসির উদ্ধৃতি দিয়ে জানান, বেলাল উদ্দিন একরাম হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী। গত সোমবার একরামের সমর্থকরা বেলাল উদ্দিনের বাড়িতে অগ্নিসংযোগ করে। আটক হওয়ার পর বেলাল উদ্দিন সাংবাদিকদের কাছে একরামুল হক হত্যাকাণ্ডের সাথে তার কোন রকম সম্পৃক্ততার কথা অস্বীকার করেন। তিনি জানান, একরামের সমর্থকরা সন্দেহবশত গত সোমবার তার বাড়িতে আগুন দেয়। এতে তিনি ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। একরামুলের সমর্থকদের হামলা থেকে বাঁচতে তিনি গত বুধবার মাটিরাঙায় পালিয়ে আসেন। পূর্ব পরিচয়ের সুবাদে তিনি বর্ণালের আওয়ামী লীগ নেতা বাশারের বাড়িতে আশ্রয় নেন।
ফেনী প্রতিনিধি জানান, একরাম হত্যা মামলায় ৮ দিন করে রিমান্ডে থাকা অনিক, হেলাল, শানানকে বৃহস্পতিবার আদালতে হাজির করে ১৬৪ ধারায় জবানবন্দি নেয়া হয়েছে। একই দিন মামলার আসামি বাপ্পির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একরাম হত্যার বিচার ও হত্যার মূল পরিকল্পনাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে একটি মিছিল বের করে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহিবুর রহমানের কার্যালয় ঘেরাও করে এবং স্মারকলিপি প্রদান করে। এসময় উত্তেজিত বিক্ষোভকারীরা ফেনী-ফুলগাজী-পরশুরাম সড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে। একরাম হত্যার ঘটনায় বিক্ষোভকারীরা ফেনী-২ আসনের সংসদ সদস্যকে গ্রেফতার ও বিচারের দাবি তুলে শ্লোগান দেয়। এসময় তারা ফেনীর পুলিশ সুপার এবং জেলা প্রশাসকেরও অপসারণের দাবি জানান।
পরশুরাম সংবাদদাতা জানান, ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যার এজহারভুক্ত আসামি বিএনপি নেতা মাহাতাব উদ্দিন চৌধুরী মিনারের পরিবার বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মিনারের স্ত্রী মাহবুবা হাসনাত নাহরিন চৌধুরী বলেন, তার স্বামী মিনার একরাম হত্যার সাথে জড়িত নয়। সেই সাথে অসুস্থ মিনার চৌধুরীকে রিমান্ডে নেয়াকে বে-আইনি বলে তার সুষ্ঠু চিকিত্সার দাবি করেছেন তিনি।
এদিকে মিনার চৌধুরীর মেয়ে তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন। পরশুরাম সংবাদদাতা জানান, একরাম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে ফুলগাজী উপজেলা আওয়ামী লীগ সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগ ৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। বৃহস্পতিবার বিক্যালে ফুলগাজী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ হরতালের ডাক দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবদুল আলিম মজুমদার।
