শিল্পাঞ্চল আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানায় বিক্ষোভের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার ইউনিক এলাকায় ‘ময়ূরী ওয়্যার লিমিটেড’ নামের একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই পোশাক কারখানার প্রায় একশ’ শ্রমিক সকালে কারখানায় এসে মূল ফটক বন্ধ দেখে ক্ষুব্ধ হয়ে উঠে। পরে তারা তিন মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে। এসময় পুলিশ বাধা দিলে তারা কারখানার মূল ফটকের সামনে অবস্থান নেয়।
শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) জানান, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। এ বিষয়ে শ্রমিকদের কোন আশ্বাস দিতে না পারায় দুপুরে শ্রমিকদের পক্ষ থেকে কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
ভালুকায় শ্রমিক-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, গতকাল উপজেলার এক মিলে ছাঁটাইকৃত এক নারী শ্রমিকের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে মিল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভালুকা মডেল থানা পুলিশ ১২ রাউন্ড শটগানের রাবার বুলেট নিক্ষেপ করে। উত্তেজিত শ্রমিকরা মিল গেট এলাকায় অগ্নিসংযোগ করলে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এক সময় উত্তেজিত শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে ওই মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। ভালুকা মডেল থানার ওসি জানান, মিল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
