চট্টগ্রামে ‘টানা পার্টি’ নামে পরিচিত ছিনতাইকারী চক্রের উত্পাত বেড়েছে। সিএনজি অটোরিকশা অথবা প্রাইভেট কার নিয়ে তারা নগরীর বিভিন্ন সড়কে চক্কর দিতে থাকে। তাদের মূল টার্গেট থাকে নাইট কোচ অথবা রাতের ট্রেনের যাত্রীরা। তাই রাতে অথবা ভোরের দিকে এদের তত্পরতা বেশি চোখে পড়ে। সিএনজি নিয়ে তারা নির্ধারিত রিকশার পিছু নেয়। এরপর সময়-সুযোগ বুঝে যাত্রীদের লাগেজ, মহিলাদের ভ্যানিটি ব্যাগ, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে দ্রুত চম্পট দেয়। তাদের আচমকা টানে অনেক সময় রিকশা আরোহীরা টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গিয়ে গুরুতর আঘাত পান। মালপত্র খোয়ানোর যন্ত্রণার চেয়ে আঘাতের যন্ত্রণাই তাদের কাছে তখন বড় হয়ে দাঁড়ায়। সম্প্রতি নগরীতে এ ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটিয়েছে টানা পার্টি।
এদিকে গতকাল বৃহস্পতিবারও এক রিকশা আরোহী বিদেশি ছাত্রের কাছ থেকে ২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে কথিত এই টানা পার্টি। নগরীর পাঁচলাইশ থানাধীন প্রবর্তক মোড়ে গতকাল সকাল ৮টায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ছাত্রের নাম তাবিফ দেশ (২৫)। তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের এমবিবিএস শেষ বর্ষের ছাত্র। নাসিরাবাদ হাউজিং সোসাইটির ২ নম্বর রোডের বিদেশি ছাত্রাবাসে তিনি থাকেন। কলেজের টিউশন ফি জমা দেয়ার জন্য ব্যাগে টাকা নিয়ে গতকাল সকালে ছাত্রাবাস থেকে বের হয়ে মাত্র আধা কিলোমিটার দূরে চমেক হাসপাতালের দিকে তিনি যাচ্ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তাবিফকে বহনকারী রিকশার পিছু নেয় টানা পার্টির একটি সিএনজি। রিকশাটি প্রবর্তক মোড়ে আসার পরপরই আচমকা টান দিয়ে তার ব্যাগটি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। টাল সামলাতে না পেরে তিনি রিকশা থেকে পড়ে যান। এ ঘটনায় তার পেটের দিকে চামড়া ছিলে যায়। অন্যদিক টাকার ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায় ছিনতাইকারীরা। ঘটনার পর আহত ওই ছাত্রকে চমেক হাসপাতালে চিকিত্সা দেয়া হয়। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে জানা গেছে। পাঁচলাইশ থানার ওসি আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক গতকাল ইত্তেফাককে বলেন, এটি ‘টানা পার্টি’ নামে পরিচিত ছিনতাইকারীদের কাজ। দুর্বৃত্তদের ধরার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হয়েছে বলে তিনি জানান।
