মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ

আপডেট : ২৯ মে ২০১৪, ২৩:২৮
সীমান্তে টহলের সময় গুলিবর্ষণ ও বর্ডার গার্ডস বাংলাদেশের (বিজিবি) এক সদস্য আটকের ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে সরকার। মিয়ানমারের রাষ্ট্রদূত মিও মিন্ট থানকে গতকাল বৃহস্পতিবার বিকালে তলব করে এ প্রতিবাদপত্র দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। সচিব (দ্বিপাক্ষিক) মোস্তফা কামাল মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠককালে বিজিবি নায়েক মো. মিজানুর রহমানের দ্রুত মুক্তি এবং এ ধরনের ঘটনা যাতে আগামীতে না ঘটে সেজন্য পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেন। মিয়ানমারের রাষ্ট্রদূত আশ্বস্ত করেন যে, বিষয়টি দ্রুত সময়ে দেশটির যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হবে। এদিকে গত বুধবার মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের নির্বচারে গুলিবর্ষণের সময় মিজানুর রহমান নিখোঁজ হন। এরপর মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসও এই ঘটনায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে তীব্র নিন্দা জানিয়ে বিজিবি সদস্যর মুক্তি দাবি করে। নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা: বিজিবি সদস্য নায়েক মিজানুর রহমান নিখোঁজ হওয়ার ঘটনায় নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় গত ২৮ মে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড (বিজিবি) নাইক্ষ্যংছড়ি ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সফিকুর রহমান মায়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) মংডু ২নং সেক্টরের কমান্ডার থিং কো কো বরাবরে পতাকা বৈঠকের জন্য চিঠি পাঠায়। এদিকে গতকাল নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি সীমান্তের ৫০নং পিলারের নিকটবর্তী মাঠ এলাকায় বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত রক্ষীবাহিনীর সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আয়োজন করে। কিন্তু মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) পতাকা বৈঠকে আসেনি ।