বাস ভাড়া নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে লাঞ্ছিত করার জের ধরে গতকাল বৃহস্পতিবার বাস শ্রমিকদের সাথে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় বরিশাল-পটুয়াখালী রুটে প্রায় ৫ ঘণ্টা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ভাড়া নিয়ে বাসের স্টাফরা লাঞ্ছিত করে। এই খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে লেবুখালী থেকে যাত্রী নিয়ে ফেরার সময় ওই বাসে হামলা চালায় শিক্ষার্থীরা। তারা বাসের চালক আনোয়ার হোসেন, সুপারভাইজার আলামিন ও এক হেলপারকে মারধর করে। বেলা দেড়টার দিকে শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে শিক্ষার্থীদের উপর হামলা চালায়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীদের দুটি বাস ভাংচুর করে। পরিবহন শ্রমিকদের হামলায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২টি সাউন্ড গ্রেনেড ও ৫ রাউন্ড শটগানের গুলি ছুঁড়ে।
বিএমপি’র উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ গোলাম রউফ খান পিপিএম জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
বরিশাল পটুয়াখালী বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সুলতান মাহমুদ জানান, আহত বাস স্টাফদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বাস চালকের অবস্থা গুরুতর।
