ময়মনসিংহ জেলা ছাত্রলীগ সভাপতি তাজ উদ্দিন আহমেদ রানা ৫ দিন যাবত্ নিখোঁজ রয়েছেন। কোথাও রানার খোঁজ মিলছে না। এ নিয়ে চলছে নানা গুঞ্জন। এ ঘটনায় উত্কণ্ঠিত রানার পরিবার। কিন্তু এ নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে কোন প্রতিক্রিয়া নেই। আগামী ৩১ মে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলন নিয়ে তোড়জোড় চলছে। নির্ধারিত সময়েই সম্মেলন করতে জেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি সাব্বির ইউনুস বাবুকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, গত ২৬ মে রানার মামা রমজান আলী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জেলা ছাত্রলীগ সভাপতির সন্ধান জানতে পুলিশি তত্পরতা অব্যাহত রয়েছে। একমাত্র ছেলের খোঁজ না পেয়ে চোখের জলে বুক ভাসাচ্ছেন মা সুফিয়া খাতুন (৬০) ও তার স্ত্রী নাদিয়া গফুর নিপা।
নিখোঁজ তাজ উদ্দিন আহমেদ রানার পারিবারিক সূত্র জানায়, গত ২৪ মার্চ রাতে মার্কেটে যাবার কথা বলে শহরের ৪২/এ, নাটকঘর বাইলেন রোডের বাসা থেকে বের হন রানা। যাবার আগে তার ব্যবহূত দু’টি মোবাইল ফোন চার্জে দিয়ে যান। এরপর আর তিনি বাসায় ফিরে আসেননি।
