বড় পর্দার নওশাবা

আপডেট : ৩০ মে ২০১৪, ২০:০৭
এ সময়ের জনপ্রিয় ও তরুণ অভিনেত্রী কাজী নওশবা। ‘উধাও’ ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এর আগে ছোট পর্দায় বেশ অনেক নাটক করেছেন তিনি। তার বর্তমান ব্যস্ততা চলছে নতুন একটি ছবি ও ঈদের কাজ নিয়ে। এবার দ্বিতীয় বারের মতো রুবায়াত হোসেনের ‘আন্ডার কন্সট্রাকশন’-এর মধ্য দিয়ে আবারও বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন এই অভিনেত্রী। ‘উধাও’-এর মতো এই ছবিতেও একটি চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে তাকে। ছবিটির শুটিং ও সব কাজ ইতোমধ্যে প্রায় সম্পন্ন হয়েছে। এই বছরের শেষের দিকে ছবিটি মুক্তি পাবে বলে জানান নওশবা। বড়পর্দায় অভিনয় প্রসঙ্গে নওশবা বলেন, ‘আমি মিডিয়াতে এসেছিই বড় পর্দায় অভিনয় করার জন্যই। ‘উধাও’ ছবিটি ২০০৮ সালে শুটিং শেষ হয় কিন্তু মুক্তি পায় ২০১৩ সালে। এই পাঁচ বছর আমি অপেক্ষা করেছিলাম—বড় পর্দায় আমাকে কেমন দেখায় এবং আমি পারবা কি না। কিন্তু আশপাশের সবাই প্রশংসা করার পর এখন আমি আত্মবিশ্বাসী। বলতে দ্বিধা নেই। বড় পর্দাই আমার স্বপ্ন।’ নওশবার এবারের ঈদের কাজের মধ্যে রয়েছে সাত পর্বের ধারাবাহিক নাটক ‘রিলেশন আজকাল’। এই মুহূর্তে তার প্রচারিত ধারাবাহিক নাটকের মধ্যে রয়েছে, ‘উজান গাঙ্গের নাইয়া’, ‘ভালোবাসা চতুষ্কোণ’, ‘কাম টু দ্য পয়েন্ট’, ‘কালামহন’। এছাড়াও বেশ কয়েকটি ঈদের একক নাটকের শুটিং ও আরও কয়েকটি ছবিতে অভিনয়ের কথা চলছে তার।