নির্বাচন মুখর এফডিসি

আপডেট : ৩০ মে ২০১৪, ২০:০৭
দীর্ঘদিন পর আবারও প্রযোজক মহলে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। আগামী ২৩ আগস্ট বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন হতে যাচ্ছে। এদিকে, আগামী ২১ জুনের মধ্যে সদস্যপদ নবায়ন, অন্যান্য পাওনা পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিনিধি মনোয়নেরও শেষ দিন ২১ জুন। দাফতরিক সব কাজ গুছিয়ে প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৮ জুন। কোনো প্রার্থীকে বর্জন বা নতুন নাম অন্তর্ভুক্তি বা কারো বিরুদ্ধে আপত্তি থাকলে তা ৩ জুলাইয়ের ভেতর সমিতিকে অবহিত করতে হবে। ৮ জুলাই থেকে মনোয়ন ফরম বিক্রি করা শুরু হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৪ জুলাই বিকাল ৫টা পর্যন্ত। আর ১৫ জুলাই বিকাল ৫টায় মনোয়ন তালিকা প্রকাশ করা হবে। প্রাথমিক যাচাই বাছাই ও আপত্তি নিষ্পত্তি করে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২১ জুলাই। তবে কেউ যদি প্রার্থিতা প্রত্যাহার করতে চায় তাহলে ২৩ জুলাইয়ের ভেতর করতে হবে। প্রতিদ্বন্দ্ব্বী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৩ জুলাই। আর নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে ৩০ আগস্ট দুপুর ১টায়। প্রযোজক পরিবেশক সমিতির সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১১ সালে। কিন্তু নানা অনিয়মের কারণে ২০১৩ সালে সমিতিতে প্রশাসক নিয়োগ করা হয়। এর মাঝে তিনবার সমিতির কমিটি পরিবর্তিত হয়। এদিকে, বিভিন্ন সূত্রে জানা যায়, এবারের প্রযোজক-পরিবেশক নির্বাচনে কে এম আর মঞ্জুর, সাইদুর রহমান মানিক ও খোরশেদ আলম খসরুর নেতৃত্বে তিনটি প্যানেল নির্বাচনে অংশ নেবে।