নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আব্দুল হামিদ এক রায়ে ছোট ভাই পলাশকে (২০) হত্যার দায়ে বড় ভাই নেত্রকোনার আটপাড়া উপজেলার ইটাখলা গ্রামের সুজনকে (৩৪) যাবজ্জীবন কারাদণ্ড ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন। দীর্ঘ ১৫ বছর মামলা চলার পর গত বৃহস্পতিবার আসামির উপস্থিতিতেই এই রায় প্রদান করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৯ সনের ২ জুন আলিকুল মিয়া তার পুত্রদের নিয়ে খেতে বসেন। এক পর্যায়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হলে বড়ভাই সুজন তার ছোটভাই পলাশের মাথায় কাঠের টুকরা দিয়ে আঘাত করে। ঐদিন তাকে প্রাথমিক চিকিত্সা প্রদান করা হয়। কিন্তু অবস্থা খারাপ হলে মুুমূর্ষু অবস্থায় পরদিন রাতে পলাশকে আটাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি এডভোকেট কমলেশ সরকার এবং আসামি পক্ষে ছিলেন এডভোকেট মোঃ মাহফুজুল হক।
