গোপালগঞ্জের মুকসুদপুরে সড়কের দুই শতাধিক তাজা গাছ মরা দেখিয়ে কাটার সময় স্থানীয়দের প্রতিরোধের মুখে পুলিশ গাছ কাটার সরঞ্জামসহ দুই শ্রমিককে আটক করেছে। শুক্রবার মুকসুদপুর উপজেলার রিশাতলা-খান্দারপাড় সড়কের রিশাতলায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মুকসুদপুর উপজেলা বন সংরক্ষক তাপস কুমার সেনগুপ্ত এলজিইডির ঐ সড়কের ২০৬টি তাজা গাছ মরা হিসেবে মার্ক করেন। পরে ঠিকাদার মোঃ বাবুল মোল্লা এলজিইডির টেন্ডারে অংশ নিয়ে নাম মাত্র মূল্যে ঐগাছ কিনে নেন। শুক্রবার সকালে ঠিকাদারের লোকজন মরা গাছের স্থলে তাজা গাছ কাটতে গেলে স্থানীয়রা বাধা দেন। তাদের প্রতিরোধের মুখে ঠিকাদারের লোকজন গাছ কাটা অব্যাহত রাখলে তারা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ দুই শ্রমিককে গাছ কাটার সরঞ্জামসহ আটক করে।
মুকসুদপুর উপজেলা বন সংরক্ষক তাপস কুমার সেন গুপ্ত ঐ সড়কের মরা গাছ চিহ্নিত করার কথা স্বীকার করে বলেন, চিহ্নিত করার সময় গাছগুলো মরা ছিল। তখন গাছে পাতা ছিল না। ডালপালা ছিল শুকানো। সে হিসেবে ২০৬টি মরা গাছ চিহ্নিত করা হয়।
