বিশ্বকাপ জিতে কিংবদন্তী হতে চান ওজিল

আপডেট : ৩০ মে ২০১৪, ২২:১১
ব্রাজিলে বিশ্বকাপ জিতে জার্মান কিংবদন্তি হতে চান আর্সেনাল তারকা মেসুত ওজিল। যে মর্যাদা উপভোগ করেন অতীতের অসাধারণ তিন খেলোয়াড় ফ্রিটজ ওয়াল্টার, উলফগ্যাং ওভার্যাথ ও লোথার ম্যাথিয়াস। ইংলিশ প্রিমিয়ার লিগে মোটামুটি ভাল একটা মৌসুম কাটানো ওজিল ২৬ ম্যাচে নিজে পাঁচ গোল করা ছাড়াও সতীর্থদের দেয়া নয় গোলে অবদান রেখেছেন। দীর্ঘ নয় বছর পর আর্সেনালের এফএ কাপ জয়ে অবদান রাখার পর এবার তার নজর বিশ্বকাপের দিকে। জার্মানির ২৫ বছর বয়সী এ তারকা খেলোয়াড় অবশ্য আন্তর্জাতিক পর্যায়ে এখনো সফলতা পাননি। তাছাড়া জার্মানি সর্বশেষ বড় কোন শিরোপা জিতেছিল ১৮ বছর আগে। সেটি ছিল ইংল্যান্ডে ১৯৯৬ সালে অনুষ্ঠিত ইউরো চ্যাম্পিয়নশিপে। তিনবারের বিশ্বকাপ জয়ী দলটির জন্য এটা হলো দীর্ঘ এক বন্ধ্যা সময় এবং ওজিল জানান ওয়ালটার, ওভার্যাথ এবং ম্যাথিয়াসের মতো কিছু অর্জন করতে চান তিনি। ওজিল স্পোর্টস বিল্ড পত্রিকাকে বলেন, ‘এই তিনজন জার্মান ফুটবলের কিংবদন্তি। তাঁরা অনেক শিরোপা জয় করেছেন এবং একটা যুগের প্রতিনিধিত্ব করেছেন। তাদের এ অর্জনকে আমি প্রশংসা করি এবং আমি জানি আমি তাদের ধরনের একজন খেলোয়াড়।’ তিনি আরো বলেন, ‘আমি নিজেকে একজন গতানুগতিক প্লে¬মেকার হিসেবে বিবেচনা করি। এমন মানের খুব বেশি খেলোয়াড় বিশ্বকাপে দেখা যাবে না। অন্য দলগুলোর দিকে তাকালে আমি হয়তো বা শেষ ব্যক্তি। আমি তাদের পদাঙ্ক অনুসরণ করতে চাই এবং একজন কিংবদন্তি হতে চাই। কেউ কিংবদন্তি হতে চাইলে তাকে বিশ্বকাপ জয় করতে হবে। এ স্বপ্নকে সত্যি করতেই আমরা ব্রাজিল যাব। আর্সেনালের খেলোয়াড়টি আরো বলেন, ‘সত্যি বলতে গেলে এখন এটা আমি বলছি স্রেফ নিজের জন্য। ট্রফি ছাড়া অন্য কিছু হবে হতাশাজনক। আমরা যদি ইউরো চ্যাম্পিয়নশিপের দিকে তাকাই তবে দেখা যাবে দুই বছর আগে আমরা আনুষ্ঠানিক কোন ম্যাচে হেরেছি। জার্মানি শেষ পর্যন্ত এই শিরোপাটা জয়ের দাবি রাখে।’— বাসস