শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে অবিলম্বে প্রশ্ন ফাঁসের ঘটনা স্বীকার করে এর সব দায়-দায়িত্ব নেয়ার আহ্বান জানিয়েছেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে এ আহ্বান জানানো হয়।
বৃষ্টি উপেক্ষা করে গতকাল সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী ইয়াসমিন হক। পরে তাদের সঙ্গে অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা যোগ দেন।
অবস্থান কর্মসূচিতে ‘প্রশ্ন ফাঁস : মানি না মানবো না’ ব্যানারে বিভিন্ন দাবি সংবলিত লিফলেট বিতরণ করেন বুয়েটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে সাংবাদিকদের কাছে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে অবস্থান কর্মসূচিতে যোগ দেয়া শিক্ষার্থীরা।
অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল শিক্ষার্থীদের কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জাতি বড় বিপর্যয়ের মধ্যে পড়েছে। এর প্রতিবাদ না করলে আরো বড় ধরনের বিপর্যয় হয়ে যাবে। প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে গণশুনানির দাবি জানিয়ে তিনি বলেন, যেখানে শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষাবিদ, জনপ্রতিনিধিরা তাদের মতামত উপস্থাপন করতে পারবেন, যেখান থেকে একটি সমাধান বের হয়ে আসবে।
শিক্ষার্থীরা জানান, আগামী এক সপ্তাহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গণসংযোগ করবেন তারা। তাদের দাবির ব্যাপারে শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের জানাবেন। এই সময়ের মধ্যে শিক্ষামন্ত্রী যদি প্রশ্নপত্র ফাঁসের ঘটনার দায় স্বীকার না করেন তাহলে আগামী শুক্রবার শহীদ মিনারে আবারও জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা।
