প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখবেন। জাপানে চার দিনের সরকারি সফরের বিস্তারিত তুলে ধরতে বিকাল ৪টায় গণভবনে এ সাংবাদিক সম্মেলন আহ্বান করা হয়েছে।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের আমন্ত্রণে গত রবিবার টোকিও যান তিনি। শেখ হাসিনার সঙ্গে শীর্ষ বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করতে সরকারকে ৬শ’ কোটি ডলার ঋণ সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া গঙ্গা ব্যারেজ, যমুনা নদীর নিচে বহুমুখী টানেল, বঙ্গবন্ধু সেতুর সমান্তরালে রেল সেতু ও ঢাকা ইস্টার্ন বাইপাস নির্মাণ এবং ঢাকার চারটি নদী পুনরুদ্ধারসহ কয়েকটি বড় প্রকল্পে জাপানি সহযোগিতা চেয়েছেন শেখ হাসিনা। বৈঠকে বাংলাদেশের পাঁচটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে জাপানি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের জন্য ৪০টি প্লট এবং দুটি শিল্প ইমারত সংরক্ষিত রাখার বিষয়ে সমঝোতা হয়।
আনুষ্ঠানিক আলোচনা শেষে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ওডিএ লোন প্যাকেজের বিনিময় নোট স্বাক্ষর করেন। এর আওতায় জাপান সরকার বাংলাদেশকে সহজ শর্তে ১২০ বিলিয়ন জাপানি ইয়েন (প্রায় ১ দশমিক ১৮ বিলিয়ন ডলার) ঋণ দেবে, যা দিয়ে এক হাজার দুইশ মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুত্ কেন্দ্র গড়ে তোলা হবে। সফরের দ্বিতীয় দিন সকালে শেখ হাসিনা জাপানের সম্রাট আকিহিতোর সঙ্গে সাক্ষাত্ করেন। রাতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সন্মানে শিনজো আবের নৈশভোজে যোগ দেন শেখ হাসিনা। ওই দিনের শুরুতেই রাষ্ট্রীয় অতিথি ভবন আকাসাকা প্যালেসে জাপানের মন্ত্রিসভার উপস্থিতিতে শেখ হাসিনাকে লালগালিচা অভ্যর্থনা ও গার্ড অফ অনার দেয়া হয়। সফরের তৃতীয় দিন মঙ্গলবার টোকিওর ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ে যান শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী দেশে ফেরেন।
