থাইল্যান্ডের প্রতি ইইউ

সেনা অভ্যুত্থানে গ্রেফতার রাজনীতিকদের মুক্তি দিন

আপডেট : ৩০ মে ২০১৪, ২২:৪১
ইউরোপীয় ইউনিয়ন থাইল্যান্ডে অভ্যুত্থান ও পরবর্তী দমন পীড়ন ও নিষেধাজ্ঞা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। গত সপ্তাহে থাই সেনাবাহিনীর ক্ষমতা দখল এবং একের পর এক রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও কর্মীদের গ্রেফতারের পর ইইউ বলেছে, কেবলমাত্র গণতন্ত্রে ফেরার সুস্পষ্ট পরিকল্পনার মাধ্যমেই থাইল্যান্ডকে অব্যাহত সমর্থন দেয়া সম্ভব। এক বিবৃতিতে ইইউ’র পররাষ্ট্র বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাস্টন বলেছেন, থাইল্যান্ডের বর্তমান পরিস্থিতি আমরা গভীর উদ্বেগের সঙ্গে প্রত্যক্ষ করছি। তিনি আরো বলেন, সম্প্রতি রাজনৈতিক কারণে যাদের আটক করা হয়েছে তাদের ছেড়ে দিতে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে আমরা সামরিক নেতৃত্বের প্রতি আহ্বান জানাচ্ছি। কিন্তু গতকাল শুক্রবার জান্তা ঘোষণা দিয়েছে, গ্রেফতারকৃতদের সাধারণ ক্ষমা করে ছেড়ে দেয়া হবে না। যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে তাদের বিচার করা হবে। এদিকে, দেশটির জান্তা সরকার আরো ৫০ জনকে নতুন করে তলব করেছে। এ নিয়ে সরকার ২৫০ জনকে তলব করলো। এছাড়া বহু সংখ্যক লোককে গোপন স্থানে নিয়ে বিনা অভিযোগে সপ্তাহখানেকেরও বেশি সময় ধরে আটক রাখা হয়েছে। সামরিক কর্তৃপক্ষ দেশটিতে মার্শাল ল জারির মাধ্যমে নাগরিক স্বাধীনতা খর্ব এবং রাতে কারফিউ জারি করে রেখেছে।