গ্রাজুয়েশন ক্যাপ ছুঁড়ে মারায়...

আপডেট : ৩০ মে ২০১৪, ২২:৪২
বিশ্ববিদ্যালয় কিংবা স্কুলে পড়া শেষে প্রতি বছর শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতার একটি সনদপত্র প্রদান করা হয়। তবে এটা কেবল শিক্ষাগত যোগ্যতারই নয়, আচরণগত দিকটিও এর সঙ্গে জড়িত থাকে। যদিও সেটা পরোক্ষ। তবে শিক্ষা জীবনের শেষে এসে সেই আচরণকেই ঠিক রাখতে পারলেন না মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গ্র্যাজুয়েশন ক্যাপ ছুঁড়ে মারায় বঞ্চিত হতে হলো সনদপত্র থেকে! ইলিনয়ের রিজউড হাইস্কুলের প্রশাসক জানিয়েছেন, শিক্ষার্থীদের সনদপত্র প্রদান স্থগিত রাখা হয়েছে। কারণ তারা গ্র্যাজুয়েশনের সময় তাদের ক্যাপ আকাশের দিকে ছুঁড়ে মেরেছিল। তাদেরকে বারবার এই ধরনের আচরণ না করার জন্য সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা সেটা মানেনি। এটা প্রতিষ্ঠানের জন্য অসম্মানের। প্রতিষ্ঠানটির তত্ত্বাবধায়ক রবার্ট লুপো জানিয়েছেন, এই অনুষ্ঠানটি হয় ভবনের অভ্যন্তরে। এখানে ক্যাপ ছুঁড়ে মারলে অন্যের ওপর পড়তে পারে। এর আগেও এধরনের ঘটেছে। এ জন্য আগে থেকেই নিষেধ করা হয়েছিল। তিনি জানিয়েছেন, এখন এসব শিক্ষার্থীদের প্রকাশ্য ক্ষমা চাইতে হবে। তাহলেই কেবল সনদপত্র দেওয়া হবে। আগামী ৪ জুন প্রকাশ্যে ক্ষমা চাওয়ার একটা সুযোগ আছে। তবে শিক্ষার্থীরা সেটা করবেন কিনা সেটা এখনো জানা যায়নি।- এনবিসি