শিশুচোর ধরল ফেসবুক!

আপডেট : ৩০ মে ২০১৪, ২২:৪২
চোর ধরার কাজ পুলিশের। কিন্তু সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের মাধ্যমে চুরি যাওয়া শিশু উদ্ধার ও চোরকে আটক করেছে পুলিশ। শিশু চুরির ঘটনাটি ঘটে কানাডার কুইবেকের ট্রয়েস রিভিরেসের একটি হাসপাতাল থেকে। নার্সের ইউনিফর্ম পরে এক মহিলা হাসপাতালে প্রবেশ করে শিশুটিকে চুরি করে পালিয়ে যায়। পুলিশ ঘটনাটি জানতে পেরে টুইটার এবং ফেসবুকে ওই মহিলার বর্ণনাসহ এলার্ট জারি করে। এছাড়া যে গাড়িতে করে সে পালিয়েছে তারও বিবরণ দেয়া হয়। ফেসবুকের কয়েকজন ব্যবহারকারীর নজরে আসে এই এলার্ট। তারা চারিদিকে এটি ছড়িয়ে দেয়। বিবরণ দেখে এক ফেসবুকারের মনে হলো সে এই মহিলাকে চেনে। সাথে সাথে সে গাড়ি চালিয়ে মহিলার বাড়ির সামনে গেল। সেখানে গিয়ে দেখে পুলিশের দেয়া বর্ণনার মিল আছে মহিলার গাড়িটির সাথে। দেরি না করে এবার সে পুলিশকে ফোন দিল। পুলিশ গিয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে শিশুটিকে খুঁজে পেল এবং চোরকে গ্রেফতার করে। শিশুটির মা ফেসবুকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি ভাবতেই পারিনি যে সন্তানকে খুঁজে পাব। তিনি বলেন, মানুষ যে মানুষের বিপদে এভাবে এগিয়ে আসতে পারে তা হাতেনাতে প্রমাণ না পেলে ভাবতেই পারতাম না। -এবিসিনিউজ