মিজান টাওয়ার ঝুঁকিমুক্ত

আপডেট : ৩০ মে ২০১৪, ২২:৪৩
রাজধানীর কল্যাণপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত মিজান টাওয়ার এখন ঝুঁকিমুক্ত। গতকাল শুক্রবার ভবনটি দুই দফা পরীক্ষা-নিরীক্ষা শেষে এই ঘোষণা দেন বুয়েটের বিশেষজ্ঞ টিম ও রাজউকের কর্মকর্তারা। গতকাল সকালে বিশেষজ্ঞরা ভবনটি পরিদর্শন করেন। বিকেলে দ্বিতীয় দফা পরিদর্শন শেষে তারা সাংবাদিকদের বলেন, ভবনটির মূল অবকাঠামোর কোন ক্ষতি হয়নি। তাছাড়া ভবনটি ধসে পড়ারও কোন আশংকা নেই। ভবনটি ঝুঁকিমুক্ত ও নিরাপদ। বুয়েটের বিশেষজ্ঞ টিমে ছিলেন, অধ্যাপক ড. সদরুল আমিন ও অধ্যাপক ড. সোহেল আহমেদ। অধ্যাপক সদরুল আমিন ইত্তেফাককে বলেন, বিস্ফোরণে মূল ভবনের কোন ক্ষতি হয়নি। ভবনটি হেলেও পড়েনি। তাই মিজান টাওয়ার এখন সম্পূর্ণ ঝুঁকিমুক্ত। আতংকিত হবার কিছু নেই। বাসিন্দারা এই ভবনেই বসবাস করতে পারবেন। একই দিন রাজউকের ৫ সদস্যের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এই টিমের নেতৃত্ব দেন রাজউকের সদস্য (পরিকল্পনা) শেখ আবদুল মান্নান ও সদস্য উন্নয়ন আবদুল হাই। রাজউকের পরিচালক (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) প্রকৌশলী মো. গোলাম মোস্তফা ইত্তেফাককে বলেন, রাজউক সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এছাড়া বুয়েটের প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা ক্ষতিগ্রস্ত ভবনটি পরীক্ষা-নিরীক্ষার পর সুনির্দিষ্ট মতামত দিয়েছেন। ভবনটিকে ঝুঁকিমুক্ত ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ভবনটির বেসমেন্টে সেপটিক ট্যাংকে বিস্ফোরণ ঘটলে ভবন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে ৭ জন আহত হন। তাত্ক্ষণিকভাবে ভবন থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পরে রাজউক ভবনটি ঝুঁকিমুক্ত ঘোষণা করলে আবার লোকজন ভবনে উঠে। এরপর ২৪ ঘণ্টার মধ্যেই গত বৃহস্পতিবার বিকেলে ফের বিস্ফোরণ ঘটলে টাওয়ারটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ওই ভবনে অবস্থানও নিষিদ্ধ ঘোষণা করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। পুলিশ মালিক পক্ষের তিনজনকে আটক করেছে।