এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না জনগণ : ফখরুল

আপডেট : ৩০ মে ২০১৪, ২২:৪৩
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার তাদের ক্ষমতা পাকাপোক্ত করতে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের অপহরণ, গুম ও হত্যা করছে। গণতন্ত্র ও জনগণের বেঁচে থাকার অধিকার কেড়ে নেয়ার চক্রান্তে লিপ্ত রয়েছে। জনগণ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। তিনি শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, চারদিকে গুম-খুন-অপহরণ চলছে। এই পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করার দায়িত্ব বিএনপির নেতাকর্মীদের। অবিলম্বে গ্রহণযোগ্য নির্বাচনের দাবি করে ফখরুল বলেন, সারাদেশে আন্দোলন চলছে। আগামীদিনে আন্দোলন আরো বেগবান হবে। মানুষ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন চায়। তিনি বলেন, জিয়াউর রহমান ছিলেন উত্পাদন ও উন্নয়নমূলক রাজনীতির প্রবর্তক। তিনি বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করেছিলেন। তার নেতৃত্বের আদর্শে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর অনুপ্রেরণা পায়। জিয়াউর রহমানের আদর্শে নেতাকর্মীদের শপথ নিতে হবে।