চট্টগ্রামে চাকরি হারিয়ে মানবেতর জীবনে ৪৫ ডাককর্মী

আপডেট : ৩০ মে ২০১৪, ২২:৪৪
চাকরি ফিরে পাওয়ার অপেক্ষায় বছরের পর বছর অপেক্ষার প্রহর গুনছেন চট্টগ্রাম ডাক বিভাগের ৪৫ কর্মী। ১৯৯৪ ও ২০০৭ সালে দুই দফায় কোনো পূর্ব ঘোষণা ছাড়াই চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিসের ৪৫ জন ডাককর্মীকে চাকরিচ্যুত করা হয়। পরে তাদেরকে বকেয়া ও পদোন্নতিসহ চাকরিতে পুনর্বহালের আশ্বাস দেয়া হলেও সেই আশ্বাস আজো পুরোপুরি কার্যকর করেনি কর্তৃপক্ষ। আদালতে মামলা করে কেউ কেউ চাকরি ফিরে পেলেও অধিকাংশই এখনো বেকার ও কর্মহীন অবস্থায় দুর্বিষহ জীবনযাপন করছেন বলে জানা গেছে। বাতিল ডাককর্মীরা ২০১৩ সালের ২৬ ডিসেম্বর মন্ত্রীপরিষদ গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের সরকারি সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছেন। হাইকোর্টে মামলা রুজু করা হয়নি এমন প্রার্থী হিসেবে তালিকাভুক্ত কর্মচারীদের সংস্থাপন মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে শূন্যপদের বিপরীতে নিয়োগের অনুরোধ জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ সচিব বরাবার চিঠি পাঠান বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক। গত বছরের ২৫ আগস্ট প্রেরিত চিঠিতে উল্লেখ করা হয়, হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে বিভিন্ন রিট পিটিশনের বাদীগণকে যে সমস্ত পদ শূন্য ছিল তার বিপরীতে নিয়োগদান করা হয়েছে। এছাড়া ইতিমধ্যে যারা রিট পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্ট থেকে তাদের পক্ষে রায় প্রাপ্ত হয়েছেন তাদেরকে নিয়োগদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ফলে এর ধারাবাহিকতায় যে সমস্ত প্রার্থী হাইকোর্টে মামলা রুজু করেননি অনুরূপ তালিকাভুক্ত কর্মচারীদেরকে শূন্য পদের বিপরীতে নিয়োগদানের জন্য প্রার্থী কর্মচারী বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে আবেদন/রেজুলেশন করা হয়েছে। অতএব হাইকোর্টে মামলা রুজু হয়নি এমন প্রার্থী হিসেবে তালিকাভুক্ত কর্মচারীদের সংস্থাপন মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে শূন্যপদের বিপরীতে নিয়োগদানের অনুরোধ জানাচ্ছি।