ফলোআপ

কৃতজ্ঞতা জানাতে গিয়ে কেঁদে ফেললেন নির্মাতা!

আপডেট : ৩১ মে ২০১৪, ২০:৩৭
দৈনিক ইত্তেফাকে দেশবরেণ্য চলচ্চিত্র নির্মাতা শহীদুল ইসলাম খোকনের বর্তমান ফিচার নিয়ে প্রতিবেদন ‘প্রধানমন্ত্রীকেই কষ্টের কথা বলব’ প্রকাশের পর তাকে দেখতে এবং তার শারীরিক অবস্থার তদারকি জানতে অনেকেই ছুটে যান। এমনকি শহীদুল ইসলাম খোকনের হাতে গড়া তারকা চিত্রনায়ক রুবেল খোঁজ নেন তার নির্মাতার। বিনোদন প্রতিদিনে খবর প্রকাশের পর বিনোদন প্রতিদিনের ফেসবুক গ্রুপেই প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন বিষয়টি দেখভাল করবেন বলে জানান। এছাড়া নির্মাতা আনজাম মাসুদ শহীদুল ইসলাম খোকনের বিষয়টি তদারকি করবেন বলে জানিয়েছেন। আরও অনেকেই দৈনিক ইত্তেফাক বিনোদন বিভাগে ফোন করে প্রিয় এই নির্মাতার পাশে দাঁড়ানোর কথা বলেছেন। ইত্তেফাক পাঠকদের প্রতি অসীম কৃতজ্ঞতা জানাতে গিয়ে নির্মাতা শহীদুল ইসলাম খোকন বলেন, ‘এই পত্রিকাটি যেমন আমাদের চলচ্চিত্র নিয়ে সবসময় সহযোগিতা করে এসেছে। তেমনি ব্যক্তিজীবনেও আমার জন্য যা করেছে তাতে আমি কৃতজ্ঞ।’ নিজের অস্পষ্ট স্বরে এই কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলেন শহীদুল ইসলাম খোকন। খুব শিগগিরই তার উচ্চ চিকিত্সার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে এমনটাই আশ্বস্ত হয়েছেন শহীদৃল ইসলাম খোকনের পরিবার। প্রিয় পাঠক, একজন শিল্পীর প্রতি আপনাদের এই গভীর শ্রদ্ধাবোধ ও সহযোগী মনোভাবের প্রতি জানাই কৃতজ্ঞতা। পাশাপাশি আপনারাও লিখুন তারকা ও শোবিজ সংক্রান্ত যেকোনো বিষয় নিয়ে। আমরা নিয়মিতভাবে গুণী নির্মাতার ফলোআপ জানাব আগামীতে।