আন্দোলন না করতে তরুণদের প্রতি তুরস্কের প্রধানমন্ত্রীর আহ্বান

আপডেট : ৩১ মে ২০১৪, ২১:৪৬
তুরস্কের তাকসিম স্কয়ার আন্দোলনের একবছর পূর্তিতে নতুন করে আন্দোলনে যোগ না দিতে তুর্কি তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী রেসেপ তায়িপ এর্দোগান। বেশ কয়েকদিন ধরে তাকসিম স্কয়ারে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিল মানুষ। আন্দোলন প্রতিহত করতে তাকসিম স্কয়ারে কয়েক হাজার পুলিশ এবং ডজনখানেক জলকামান মোতায়েন করা হয়েছে। শুক্রবার রাজধানীতে আন্দোলনরত তরুণ সমাজের প্রতি সতর্কতা জারি করে প্রধানমন্ত্রী এর্দোগান বলেন, একবছর পর তথাকথিত শিল্পমনা মানুষরা আবারো আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। এর মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ঐ নির্দিষ্ট গোষ্ঠী। তারা দেশের মানুষের ঐক্য এবং অর্থনীতির ওপর আঘাত হানতে চাইছে। আমি চাই তরুণ সমাজ এ আন্দোলনে অংশ নেবে না। এর আগে মে দিবসে কয়েক হাজার আন্দোলনকারী তাকসিম স্কয়ারে জড়ো হলে পুলিশ তাদের ওপর জলকামান প্রয়োগ করে ছত্রভঙ্গ করে দেয়। মে দিবসের আন্দোলনের পর তাকসিম স্কয়ারে পুলিশি বেষ্টনি দ্বারা ঘিরে রাখা হয়েছে। আন্দোলন প্রতিহত করতে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং তাকসিম স্কয়ারে জনসমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গতবছরের মে মাসে তাকসিম স্কয়ার এবং এর নিকটবর্তী গেজি পার্ক এলাকায় সরকারবিরোধী আন্দোলনে অবস্থান ধর্মঘট শুরু করে বিক্ষোভকারীরা। দুই সপ্তাহ পরে ব্যাপক দমন-পীড়নের মাধ্যমে আন্দোলনকারীদের হটিয়ে দেয় সরকার। পুলিশি নির্যাতনে নিহত হয় বেশ কয়েকজন এবং আহত হয় হাজারো মানুষ।