প্রশ্ন ফাঁসকারীদের শাস্তি দাবি শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের

আপডেট : ৩১ মে ২০১৪, ২১:৫২
প্রাথমিক শিক্ষা সমাপনী থেকে বিসিএস পর্যন্ত সকল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। জোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস আজ মারাত্মক ক্যান্সারে পরিণত হয়েছে। প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে কোমলমতি ছাত্র-ছাত্রীদের অন্ধকারে ঠেলে দেয়া হয়েছে। জেএসসি, এসএসসি, এইচএসসি, স্নাতক, স্নাতকোত্তর, শিক্ষক নিবন্ধন এমনকি বিসিএস পরীক্ষার প্রশ্নপত্রও ইন্টারনেটে ফাঁস করে দেয়া হচ্ছে। প্রশ্নপত্রের সাথে সংশ্লিষ্ট বোর্ডের কর্মকর্তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে শিক্ষামন্ত্রী তাদের পক্ষে অবস্থান নিয়ে প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের উত্সাহ দিয়ে যাচ্ছেন। প্রশ্নপত্র ফাঁস করে জিপিএ-৫ এর সংখ্যা বৃদ্ধি পাওয়া শিক্ষামন্ত্রীর কোন কৃতিত্ব নয়। এতে ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যত্ নষ্ট হচ্ছে।