গ্রামবাসীর কাছ থেকে অর্থ আর বাঁশ সংগ্রহ করে ঠাকুরগাঁওয়ের ভুল্লী নদী পারাপারে স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো তৈরি করেছে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। টানা নয় দিনের পরিশ্রমে সাঁকোটি তৈরির কাজ শেষ হয়েছে মঙ্গলবার। এতে নদী দিয়ে বিভক্ত হওয়া গ্রামের দুই সহস্রাধিক মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজতর হয়েছে। তবে, ওই স্থানে স্থায়ীভাবে একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী।
স্থানীয়রা জানায়, ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুখরি ইউনিয়নের লাউথুতি গ্রামটি ভুল্লী নদী দিয়ে দুই ভাগে বিভক্ত। নদীর দুই পারের মানুষ ও স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীদের পাঁচ কিলোমিটার ঘুরে যেতে হয় হাট-বাজারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। দীর্ঘদিন ধরে এসব সমস্যা প্রশাসনের কাছে তুলে ধরলেও কোনো উদ্যোগ নেয়া হয়নি। এতে বাধ্য হয়েই স্থানীয় ছাত্র-ছাত্রীসহ যুবকরা গ্রামবাসীর কাছ থেকে অর্থ সংগ্রহ করে স্বেচ্ছাশ্রম দিয়ে তৈরি করেছে বাঁশের তৈরি সাঁকো।
এতে আসন্ন বর্ষা মৌসুমে মোল্লাপাড়া, হাতেমপাড়া, সেনপাড়া, মাস্টারপাড়াসহ আশ-পাশের আটটি পাড়ার দুই সহস্রাধিক মানুষের কিছুটা হলেও দুর্ভোগ লাঘব হবে বলে জানায় স্থানীয়রা। ইউনিয়ন চেয়ারম্যান ফয়জুল হক প্রধান জানান, স্থানীয়ভাবে সহযোগিতা করে সাঁকো তৈরি করা হয়েছে। তবে এখানে ব্রিজ নির্মাণ করতে প্রশাসনকে জানানো হয়েছে।
