সাহসিকতাপূর্ণ কাজের জন্য আবারো পদক পেলেন নিউইয়র্ক পুলিশের বাংলাদেশি বংশোদ্ভূত অফিসার জামিল সরোয়ার জনি। স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়র্ক পুলিশের সদর দপ্তর ‘পুলিশ প্লাজা’য় অনুষ্ঠিত ‘এশিয়ান হেরিটেজ নাইট’ নামে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে পুলিশ কমিশনার উইলিয়াম জে. ব্রাটন জনির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
নিউইয়র্ক পুলিশ অফিসারদের তিনটি পৃথক সংগঠন দেশি সোসাইটি, এশিয়ান জাদে সোসাইটি এবং কোরিয়ান সোসাইটি যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার ব্রাটন এনওয়াইপিডি অফিসার জামিল সরোয়ার জনির সাহসিকতাপূর্ণ কাজের প্রশংসা করে বলেন, নাগরিক নিরাপত্তায় জনি জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন। তার এই সাহসিকতাপূর্ণ কাজ অন্য কর্মকর্তাদের উত্সাহিত করবে। অনুষ্ঠানে আরো দু’জন পুলিশ অফিসার জেমস লি ও র্যান্ডি চাও এবং স্টেট এসেম্বলিম্যান রন কিমকে সম্মাননা প্রদান করা হয়।
এর আগে গত ৮ মে নিউইয়র্কের ব্রুকলিনের অভিজাত ডাইকার বিচ গলফ ক্লাবে অনাড়ম্বর এক অনুষ্ঠানে এনওয়াইপিডি মুসলিম অফিসার্স এসোসিয়েশন জামিল সরোয়ার জনিকে সেরা অফিসারের পদক দেয়। জনির গ্রামের বাড়ি পিরোজপুর জেলা সদরের শিকারপুর রোডে। তার বাবা সরোয়ার হোসেন পিরোজপুরের বিশিষ্ট আইনজীবী এবং মা অধ্যাপিকা রেনু সুলতানা পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক প্রিন্সিপাল। জনি ২০০৬ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তিনি ২০১২ সালে নিউইয়র্ক পুলিশের অপারেশন ইমপ্যাক্ট ইউনিটে যোগদান করেন।
২০১৩ বছরের ৪ জুলাই ব্রুকলিনের সাইপ্রাস হিল এলাকায় দায়িত্ব পালনের সময় তিনি সন্ত্রাসীদের গুলিতে মারাত্মক জখম হন।
