প্রশ্নপত্র ফাঁসের তথ্য মন্ত্রণালয়ে দিন

আপডেট : ৩১ মে ২০১৪, ২৩:০৪
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, যারা প্রশ্নফাঁস ঠেকানোর দাবিতে রাজপথে নেমেছেন তাদের কাছে যদি এ সংক্রান্ত কোনো তথ্য থাকে তাহলে তা শিক্ষা মন্ত্রণালয়ে প্রদান করুন। প্রশ্ন ফাঁসের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। প্রশ্ন ফাঁসের ব্যাপারে গঠিত তদন্ত কমিটিকে আরো দশ দিন সময় দেওয়া হয়েছে। রিপোর্ট পাবার পর তাত্ক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। গতকাল শনিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইতিমধ্যে মন্ত্রণালয়ে এ সংক্রান্ত বেশ কিছু তথ্য শিক্ষক-সাংবাদিকরা প্রদান করেছেন বলে জানা গেছে। প্রশ্ন ফাঁসের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সোহরাব হোসাইনকে প্রধান করে আন্ত:মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করা হয়। শিক্ষা মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে। শিক্ষার্থীরা শুধু ক্লাশে আসবে, শিক্ষকের লেকচার শুনবে, পরীক্ষা দিবে-এই পদ্ধতিতে একদিকে দেশে শিক্ষিত বেকার বাড়তে থাকে অন্যদিকে সৃজনশীল ও গবেষণামূলক কর্মকাণ্ড হয় না বললেই চলে। তাই প্রচলিত শিক্ষাব্যবস্থা দিয়ে শিক্ষার্থীদের বেকার রাখতে চাই না। এ ব্যবস্থা পরির্বতন করে তাদেরকে কাজে লাগাতে চাই। তিনি বলেন, বাংলাদেশ অর্থিক দিক দিয়ে দরিদ্র হলেও মেধার দিক দিয়ে দরিদ্র নয়। তবে এই মেধাকে কাজে লাগাতে হবে। আমাদেরকে গবেষণা ও সৃজনশীল কাজে আরও বেশি সম্পৃক্ত হতে হবে। নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাইফুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ড. কামাল আবু নাসের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক, আনওয়ারুল্লাহ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক জাহিদুল ইসলাম।