দোকানে কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে ‘দোপেয়ে’ ডাকাত বা চোর হামলা চালায়। কিন্তু কখনো কেউ কি শুনেছেন যে ‘চারপেয়ে দস্যু’ হানা দিয়েছে! না শুনলে এবারই সেই কাহিনীই শুনতে হবে। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে এরকম ঘটনাই ঘটেছে। একটি শিল্পকর্মের দোকানে হামলা চালিয়েছে চার পাওয়ালা একজোড়া ‘দস্যু’ হরিণ! হামলা চালিয়ে বিশাল দোকানটি তছনছ করে ছেড়েছে।
টেক্সাসের লিভিংস্টোনে ডাউনটাউন ট্রেজারাস নামের একটি শিল্পকর্মের দোকানে শুক্রবার হামলা চালায় ওই দুটি হরিণ। ঘটনার প্রত্যক্ষদর্শী এক ক্রেতা বলে, হরিণ দুটি দোকানের কাঁচের দেয়ালে আঘাত করে তা ভেঙ্গে ভেতরে ঢোকে। দোকানের মালিক দেব্বি কোপার বলেন, পরপর দুটি হরিণ এসে তার দোকানে ‘দস্যুবৃত্তি’ শুরু করে। কিছু নিয়ে পালিয়ে না গেলেও তারা ভেতরের সবকিছু তছনছ করে। এমনকি হরিণ দুটি ক্যাশ কাউন্টারেও হামলা চালায়! উপায় না দেখে পুলিশ ডাকা হয়। পুলিশ এক ঘন্টা ধরে চেষ্টার পর তাদের ‘গ্রেফতার’ করে দোকান থেকে সরিয়ে নেয়। দোকানটি দেয়াল পুরোটাই কাঁচের তৈরি বলে জানান মালিক।
- ইউপিআই
