তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নাশকতার মাধ্যমে দেশের অর্থনীতি যাতে কেউ নষ্ট করতে না পারে, সেজন্য আগামী বাজেটে জঙ্গিবাদ দমনে বরাদ্দ দিতে হবে। সামাজিক ও রাজনৈতিক শান্তিই কেবল দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি করতে সহায়ক হতে পারে। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গতকাল শনিবার ‘বাঁক বদলের বাজেট’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের কৃষিখাতে বাজেট বৃদ্ধি করতে হবে। কৃষিতে নিশ্চিত করতে হবে সামাজিক নিরাপত্তা। এছাড়া প্রবাসীরা দেশের প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে বিশেষ অবদান রাখছেন। তাদের জন্য বিশেষ নাগরিক কার্ডের ব্যবস্থা করে বিশেষ সম্মান দিতে হবে। তিনি আরো বলেন, তথ্য প্রযুক্তি সম্প্রসারণে আমদানি শুল্ক শূন্যের কোটায় নামিয়ে ইন্টারনেট ব্যবহারের অধিকারকে দিতে হবে মানবাধিকার হিসেবে স্বীকৃতি। মোবাইল ও সিমকার্ডের উপর থেকে কর প্রত্যাহারের ব্যবস্থা নিতে হবে।
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আয়োজিত আসন্ন জাতীয় বাজেটে বিভিন্নখাতে বরাদ্দ ও ভর্তুকি নিয়ে আলোচনায় অংশ নেন—শিরিন আক্তার, লুত্ফা তাহের, নাজমুল হক, আফরোজা বেগম, আবুল হোসেন, অধ্যাপক মুক্তাদির প্রমুখ।
