ব্যাংক একাউন্ট খুলল কর্মজীবী ও পথশিশুরা

আপডেট : ৩১ মে ২০১৪, ২৩:০৫
ব্যাংক অ্যাকাউন্ট গ্রাহকদের আওতায় এবার আসল পথশিশু ও কর্মজীবী শিশুরা। প্রাথমিকভাবে তিনশ পথশিশু এ অ্যাকাউন্ট খুলেছে। দেশের দশটি সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এসব হিসাব পরিচালনা করবে। গতকাল শনিবার রাজধানীর বাংলা একাডেমিতে এক অনুষ্ঠানে দেশে প্রথমবারের মতো আর্থিক অন্তর্ভুক্তিমূলক এই কর্মসূচির আওতায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান বলেন, গত পাঁচ বছর আমি ব্যাংকিং খাতকে মানবিক করতে চেষ্টা করেছি। সেবা বঞ্চিত মানুষদের আর্থিক সেবায় নিয়ে আসার চেষ্টা করেছি। ফলে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হয়েছে। আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমে আমরা এগিয়ে যাচ্ছি। তিনি বলেন, আর্থিক অন্তর্ভুক্তিমূলক কর্মসূচির আওতায় কৃষক, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগী, পাদুকা শিল্পে নিয়োজিত শ্রমিক এবং তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য সহজেই ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ, ডেপুটি এস কে সুর চৌধুরী, বাংলাদেশ শিশু একাডেমির সভাপতি ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন, সেইভ দ্যা চিলড্রেনের আবাসিক প্রতিনিধি মাইকেল ম্যাকগ্রাথ প্রমুখ উপস্থিত ছিলেন। দেশের আটটি বেসরকারি সংস্থার (এনজিও) মাধ্যমে পথশিশুদের হিসাব খোলা হচ্ছে। যে দশটি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসব হিসাব পরিচালিত হবে সেগুলো হল- বাংলাদেশ কৃষি ব্যাংক, রূপালী ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া, এনসিসি ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংক, ওয়ান ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, সিটি ব্যাংক, অগ্রণী ব্যাংক লিমিটেড এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড।