মৃত্যুকালে বাকশাল নেতা ছিলেন বঙ্গবন্ধু

আপডেট : ৩১ মে ২০১৪, ২৩:০৬
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আসম হান্নান শাহ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার সময় বাকশালের নেতা ছিলেন। কারণ তিনি মারা যাওয়ার অনেক আগেই বিভিন্ন রাজনৈতিক দল বিলুপ্ত করে বাকশাল গঠন করেছিলেন। তিনি বলেন, নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় বিএনপিকে দোষারোপ করা হলেও এর সঙ্গে সরকারের লোকজন জড়িত। হান্নান শাহ গতকাল বিকালে গাজীপুরের ডগরী হাইস্কুল মাঠে সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ, দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মির্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, নবনির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন প্রমুখ।