আগমী ৭ জুনের মধ্যে জ্বালানি মন্ত্রণালয়ের ৫ দফা সুপারিশ বাস্তবায়ন না হলে ৮ জুন রবিবার সকাল ৬টা থেকে দেশের সকল সিএনজি স্টেশনসমূহে অনির্দিষ্টকালের ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন। গতকাল শনিবার সংগঠনের সভাপতি জাকির হোসেন নয়নের সভাপতিত্বে এক জরুরি সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সিএনজি স্টেশন মালিকরা মন্ত্রণালয়ের ৫ দফা সুপারিশ বাস্তবায়নের জন্য সরকারের কাছে দাবি জানান। সভায় সারা দেশ থেকে আসা সিএনজি স্টেশন মালিকরা উপস্থিত ছিলেন।
সিএনজি স্টেশন মালিকরা জানান, গত বছর ৪ জুলাই তারিখ সিএনজি স্টেশনসমূহ ধর্মঘটে যায়। ফলশ্রুতিতে ৫ জুলাই প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ও সচিবের সাথে সমঝোতা বৈঠক হয়। তারা আমাদের দাবির সাথে একমত পোষণ করে সুপারিশ প্রণয়নের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে। ফলশ্রুতিতে ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়। একাধিক বৈঠক শেষে ঐ কমিটি একটি সুপারিশ পেশ করে। কিন্তু দীর্ঘদিন হলেও ঐ সুপারিশ বাস্তবায়ন হয়নি। গত ২৪ মে এক সংবাদ সম্মেলনেও বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন ঘোষণা দিয়েছিল, আগমী ৭ জুনের মধ্যে জ্বালানি মন্ত্রণালয়ের ৫ দফা সুপারিশ বাস্তবায়ন না হলে ৮ জুন রবিবার সকাল ৬টা থেকে দেশের সকল সিএনজি স্টেশনসমূহে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করবে।
