জাতির পিতা বঙ্গবন্ধুকে ‘ব্যর্থ’ রাজনীতিক বলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ‘ছাগল’ ও ‘পিগমি’ বলে আখ্যায়িত করে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, বঙ্গবন্ধু দেশটা গড়েছিল বলেই এসব ছাগলগুলো এখন কথা বলার সুযোগ পাচ্ছে। ওই সব পিগমিদের (পিগমিরা হলো মধ্য আফ্রিকার ক্ষুদ্রকায় নৃগোষ্ঠী, যাদের সর্বোচ্চ উচ্চতা চার ফুট ১১ ইঞ্চি) কথায় বঙ্গবন্ধু খাটো হবেন না। তার অবস্থান অনেক ওপরে।
গতকাল শনিবার বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ মহিলা লীগের এক দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তারেক রহমান প্রসঙ্গে মতিয়া চৌধুরী বলেন, পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। হ্যাঁ, জিয়া সফল হয়েছিলেন সামপ্রদায়িক রাজনীতি প্রতিষ্ঠা করতে। ১৯৭৯ সালে দুর্ভিক্ষ আনতে। যখন পেটের দায়ে উত্তরবঙ্গের মানুষ দেহ ব্যবসার লাইসেন্স চেয়েছিল। মুক্তিযোদ্ধাদের সফলভাবে হত্যা করাতেও সফলতা ছিল জিয়ার। স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসনেও তিনি সফল হন। মতিয়া চৌধুরী বলেন, তারেক রহমান টেনে-টুনে ম্যাট্রিক পাস করেন। তারেক তার পিতার নিহত হওয়ার স্থান চট্টগ্রাম সার্কিট হাউজে কখনো যাননি। সেই সময় এরশাদের কাছ থেকে সুবিধা নিতে ব্যস্ত ছিলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) তারেক রহমানের উদ্দেশে বলেন, সাহস থাকলে বাংলাদেশে আসুন। দেখি আপনার বুকের পাটা কত বড়। ঢাকা মহানগর দক্ষিণ মহিলা লীগের সহ-সভাপতি ফারহানা ইসলামের সভাপতিত্বে দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুকুল চৌধুরী প্রমুখ।
