৮৫ বছর পর দুই বোনের প্রথম দেখা!

আপডেট : ০১ জুন ২০১৪, ২০:০২
৮৫ বছর বয়সী এক নারী তার ৯৪ বছর বয়সী সত্ বোনের সঙ্গে পুনর্মিলিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ওকলাহোমার জেঙ্কস এলাকার বাসিন্দা ৮৫ বছর বয়সী জেলডা গেইটস জানতেনই না যে তার কোন সত্ বোন রয়েছে। সম্প্রতি পিতার করে যাওয়া উইলে বোনের নামটি প্রথমবারের মতো জানতে পারেন তিনি। গেইটস বলছিলেন, এটা ছিল একটা ধাক্কার মতো। উইলে সত্ বোনের নাম দেখে আমি আর আমার ভাইয়েরা পরস্পরের মুখের দিকে চেয়ে থাকি। শেষ পর্যন্ত গত সোমবার ৯৪ বছর পর রিটা নাইটের সঙ্গে দেখা হয় তার। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। ওকলাহোমা অঙ্গরাজ্যের তুলসার প্রায় ১২ মাইল দক্ষিণে রিটার বাড়ি। রিটা নাইট জানান, তাকে ও তার মাকে ছেড়ে চলে গিয়েছিলেন তার পিতা। তিনি কোনদিন এর কারণ খুঁজে পাননি। ওদিকে রিটা ও তার মাকে ছেড়ে দিয়ে অপর এক নারীর সঙ্গে সংসার শুরু করেছিলেন তাদের পিতা। সেখানেই জেলডার জন্ম। এদিকে জীবনে প্রথমবারের মতো তারা পরস্পরকে দেখে যারপরনাই শিহরিত। নিজেদের চোখকেই যেন বিশ্বাস করতে পারছেন না। রিটা বলছিলেন, পিতা কেন কোনদিনও তার মাকে খোঁজার চেষ্টা করেননি তা তাকে বরাবরই ভাবিয়ে তুলতো। তিনি বলেন, আমি জানি না আমার পিতা-মাতার মধ্যে ঠিক কি ঘটেছিল। রিটার মাও প্রসঙ্গটা বরাবরই এড়িয়ে যেতেন। তাই তিনি তার মাকেও এ ব্যাপারে জানতে বেশি চাপ দিতেন না। শেষ পর্যন্ত দুই বোন নিজেদের কাছে পাওয়ায় পরিবার দুটির সদস্যরা বেশ সুন্দর সময় পার করছেন।