পূর্ণা ভারতের অন্ধ্র প্রদেশের স্কুলছাত্রী, পূর্ণা ১৩ বছর ১১ মাস বয়সে এভারেস্ট জয় করেছে| এর মধ্য দিয়ে ইতিহাস সৃষ্টি করেছে সে| নারীদের মধ্যে সবচেয়ে কম বয়সী পূর্ণা পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গে উঠল| খবর এনডিটিভির| পূর্ণার বাড়ি অন্ধ্র প্রদেশের নিজামাবাদ জেলায়| সরকার পরিচালিত একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ে সে| তার বাবা একজন কৃষি শ্রমিক| তার সহপাঠী আনন্দও পূর্ণার সঙ্গে এভারেস্ট জয় করে এসেছে| আনন্দের বাড়ি খামাম জেলায়। তার বাবা সাইকেল মেরামত করে জীবিকা নির্বাহ করেন| বলা হচ্ছে, আনন্দই হলো প্রথম এভারেস্ট জয়ী দলিত কিশোর|
হিমালয়ের সর্বোচ্চ চূড়ায় আরোহণের সময় পূর্ণা ও আনন্দ ভারতের দলিতদের জীবনমান পরিবর্তনে যুগান্তকারী অবদান রাখা বি আর আম্বেদকর ও সাবেক আইএএস কর্মকর্তা এস আর শঙ্করের প্রতীকী ছবি বহন করে| গত বছরের নভেম্বরে আরও কয়েকজন কিশোর-কিশোরীর সঙ্গে পূর্ণা ও আনন্দ এভারেস্ট জয়ের প্রস্তুতি নিচ্ছিল| তখন এক সাক্ষাত্কারে পূর্ণা বলেছিল, ‘মাউন্ট এভারেস্ট জয় করে ঠিক ফিরে আসব| পরে একজন আইপিএস কর্মকর্তা হব|’ স্বপ্ন তার সত্যি হয়েছে| পূর্ণা ও আনন্দ লাখো কিশোর-কিশোরীর স্বপ্নজয়ের অনুপ্রেরণা হয়ে থাকবে|
