ডিএসইতে লেনদেন সাড়ে তিনশ’ কোটি টাকার উপরে

আপডেট : ০১ জুন ২০১৪, ২০:১২
শেয়ারবাজারে বেশ কয়েকদিন লেনদেন ও সূচকে নিম্নগতির পর গতকাল রবিবার সূচক ও লেনদেন কিছুটা বেড়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে পৌনে চারশ’ কোটি টাকা। আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, বাজেটের আগ মুহূর্তে বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়েছে। গতকাল ডিএসইতে সূচক বেড়েছে প্রায় ১৬ ভাগ। তবে মোট লেনদেনের প্রায় ৪৫ ভাগ হয়েছে বড় মূলধনী ১০টি কোম্পানি ঘিরে। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৭৬ কোটি ৬ লাখ টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ৫২ কোটি ৭৬ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৯৫টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১২৫টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ারের। এদিকে গতকাল রবিবার থেকে বিও (বেনিফিশিয়ারি ওনার্স) অ্যাকাউন্ট নবায়ন প্রক্রিয়া শুরু হয়েছে। এ প্রক্রিয়া শেষ হবে আগামী ৩০ জুন। এই সময়ের মধ্যে অ্যাকাউন্ট নবায়ন করা না হলে স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। প্রত্যেক বিনিয়োগকারীকে নিজ নিজ ডিপি (ডিপোজিটরি পার্টিসিপেন্ট) বা ব্রোকারেজ হাউজের মাধ্যমে ৫০০ টাকা ফি দিয়ে নবায়ন করতে হবে। ২০১৩-১৪ অর্থবছরের নির্ধারিত তারিখের পর আর কোন নবায়নের সুযোগ থাকবে না। তবে যেসব অ্যাকাউন্টে ৫০০ টাকার বেশি ব্যালেন্স কিংবা তার চেয়ে বেশি পরিমাণে শেয়ার রয়েছে তাদেরকে নবায়ন করতে হবে না। এসব অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে টাকা কেটে নেয়া হবে।