সুদহার সিঙ্গেল ডিজিটে (১০ শতাংশের নিচে) নামিয়ে আনার ঘোষণা দিয়েছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। ইতিমধ্যে আমানত ও ঋণের সুদের হার অনেক কমে এসেছে। চলতি বছরের মধ্যেই ব্যাংক ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে নেমে আসবে। গতকাল ব্যাংকটির ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম এহসানুল হক।
সংবাদ সম্মেলনে ব্যাংকের চেয়ারম্যান এম আমানুল্লাহ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল জলিল চৌধুরী ও মনীন্দ্র কুমার নাথ, উপ-ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম চৌধুরী ও মোহাম্মদ মাসুমসহ অন্যান্য পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, এ বছর কম সুদে আরো বেশি ঋণ দিতে চায় ব্যাংকটি। বর্তমানে ব্যাংকের ৯৩টি শাখা রয়েছে, বছর শেষে এ সংখ্যা ১০১-এ উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। অন্যদিকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১০ ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে সম্মানিত করবে বলে তাদের নাম ঘোষণা করা হয়।
