নতুনভাবে আসছেন দুই বোন

আপডেট : ০১ জুন ২০১৪, ২০:৪৩
পারিবারিকভাবে তারা তিন ভাইবোনই গানের সাথে সম্পৃক্ত। বড়ভাই বাদশা বুলবুল নিভৃতচারী শিল্পী হলেও স্টেজে এখনও নিয়মিত গান করছেন। তবে ডলি ও পলি সায়ন্তনী দুজনই এখন নতুন করে নিজেদের গান নিয়ে আসছেন। সম্প্রতি বিনোদন প্রতিদিনের সাথে কথা হয় এই শিল্পী যুগলের। এখনকার গানের সাথে তাল মিলিয়ে চলাটাও বেশ কঠিন বলেই একটু ভিন্নভাবে ভিন্ন আঙ্গিকে এগোতে চান তারা। ছোট বোন পলি সায়ন্তনী বলেন, ‘আমি বড় আপুর অনেক পরে গানে এলেও গানে খুব বেশি নিজেকে ব্যস্ত কখনওই রাখিনি।’ নিজের ক্যারিয়ার প্ল্যান প্রসঙ্গে পলি সায়ন্তনী বলেন, ‘এখন অডিও বাজারের এই অবস্থায় নিজের অ্যালবাম করার কথা খুব একটা ভাবছি না। তারচেয়ে বরং একটি-দুটি গান করে তার এক্সক্লুসিভ ভিডিওর মাধ্যমেই কাজ করব। আর আমি বা ডলি আপা পপ গান গাইলেও সেই অর্থে নিজেকে একটা সংযত অবস্থানে রেখেই সবসময় কাজ করেছি। এখন যারা কাজ করছেন তারা যেন গানের চেয়ে অন্য দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন।’ অন্যদিকে দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী নিজের কাজ প্রসঙ্গে বলেন, ‘এখনকার গানের প্ল্যান আমিও পরিবর্তন করেছি। বেশিরভাগ সময়ই স্টেজশো নিয়েই ব্যস্ত থাকি। এর বাইরে নিজের নতুন গানের ভিডিও অ্যালবামের কাজ করছি। এছাড়া প্লে-ব্যাক করছি নিয়মিত। সময় আর পরিস্থিতির কারণেই আমাদের ক্যারিয়ার প্ল্যানও পরিবর্তন করতে হয়। নয়তো ঈদ আসবে আমাদের অ্যালবাম হবে না। এটা একসময় ভাবতেও পারতাম না। প্রকাশকদের কথা আর না হয় নাই বললাম।’ এছাড়া একসাথে এক অ্যালবামে কাজ করার ইচ্ছে আছে কি না জানতে চাইলে পলি সায়ন্তনী বলেন, ‘নতুন আইডিয়া নিয়ে তো কাজের ইচ্ছে আছে সবসময়। তবে ইচ্ছে আছে দেশের গানে দুই বোনের একটা ভিন্ন ধারার পারফর্মেন্স করার।’