পোশাক ছাড়া বিয়ে নয়!

আপডেট : ০১ জুন ২০১৪, ২০:৪৪
বাগদান হয়েছে দুই বছর হয়ে গেল। এখনও বিয়ের কোনো নাম নেই। আর কত ঘুরে বেড়াবেন অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট? এমন প্রশ্নই হলিউডি ভক্তদের মনে দোলা দেয় বারবার। সম্প্রতি এ নিয়ে অনেক আলোচনায়ও হয়েছে। অবশ্য বিয়ের ব্যাপারে এখন কোনো প্রস্তুতি নেই বলেই জানিয়েছেন জোলি। এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘আমার কাছে কোনো পোশাক নেই বিয়ের জন্য। পোশাক ছাড়া বিয়ে অসম্ভব।’ এমনই একটি উত্তরে অনেকটাই হতভম্ব হয়ে পড়ে সবাই। এটা আবার কোনো কথা! বিয়ের জন্য পোশাক নেই! তাও আবার অ্যাঞ্জেলিনা জোলির কাছে! অবাক করে দেওয়া এমন কৌতূহলের অবসানও পরে হয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতার জন্য জোলি যে পোশাক খুঁজে বেড়াচ্ছেন সেটি এখনও পাননি। মনের মতো যখন পোশাকটি পাবেন সেদিনই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। এ নিয়ে অবশ্য জোলি তার পরিবার পরিজনদের সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে এসব আলোচনাই হয়তো জোলির বিয়ের সবুজ সংকেতেরই একটি আভাস দিয়ে বেড়াচ্ছে বলে ধারণা করছেন অনেকে।