সংঘর্ষে বাড়ি ছাড়া ২ হাজার মানুষ ফিরলো ঘরে

আপডেট : ০১ জুন ২০১৪, ২২:০৮
অবশেষে দীর্ঘ ২২ দিন পর প্রশাসনের সহযোগিতায় রবিবার দুপুরে নিজ ঘরে ফিরলো নরসিংদীর রায়পুরা উপজেলার বাশগাড়ী ইউনিয়নের ৭ গ্রামের দুই সহস্রাধিক নারী-পুরুষ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরী, নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন, রায়পুরা থানার ওসি মো. মাহমুদ ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আফজাল হোসাইন, সিনিয়র সভাপতি আ. সাদেক, জেলা কমিউনিটিং পুলিশিং কমিটির সভাপতি আ. সাত্তার, শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেলসহ চরাঞ্চলের ৫ ইউনিয়নের চেয়ারম্যানগণ। জানা যায়, গত ৩১ মার্চ রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বাশগাড়ী ইউপি চেয়ারম্যান সিরাজুল হক ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সাহেদের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। কিছুদিন পর উক্ত ঘটনায় উভয় পক্ষের সমঝোতার লক্ষ্যে গ্রাম্য সালিশ বসে। সালিশে ক্ষতিপূরণ বাবদ এক পক্ষকে সাড়ে ৩ লাখ এবং অপর পক্ষকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধকে কেন্দ্র করে সর্বশেষ ১১মে সিরাজুল হকের সহস্রাধিক লোক অতর্কিতভাবে টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হাফিজুর রহমান সাহেদের ২ শতাধিক লোকজনের বাড়ি-ঘর ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় উভয় পক্ষের মামলায় আসামি করা হয় অন্তত ৮শ ব্যক্তিকে। ঘটনার পর থেকেই এক পক্ষ হাফিজুর রহমান সমর্থিত শিক্ষার্থীসহ দুই সহস্রাধিক নারী-পুরুষ সিরাজুল হকের সমর্থিত লোকজনের ভয়ে বাড়িতে উঠতে পারছিল না। অবশেষে দীর্ঘ ২২ দিন পর রবিবার দুপুরে উভয় পক্ষের নেতৃস্থানীয় লোকজনকে সাথে নিয়ে প্রশাসনসহ উপজেলার সর্বোচ্চ মহলের সহযোগিতায় অত্র ইউনিয়নের ৭ গ্রামের দুই সহস্রাধিক নারী-পুরুষ যার যার বাড়ি ফিরে আসে।